প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মাত্র ১৫০ দিন, অর্থাৎ পাঁচ মাস পূর্ণ হয়েছে। সময়ের পরিমাপে এটি হয়তো খুব দীর্ঘ নয়। কিন্তু একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের দিন, প্রতিটি মুহূর্তই দায়িত্ব ও জবাবদিহিতা পালনের পরীক্ষা এবং প্রতিটি পদক্ষেপই মানুষের আস্থা অর্জনের নতুন সুযোগ। এই অল্প সময়ের মধ্যেই সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
মাহদী আমিন বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পে ব্যয়সাশ্রয় ও দুর্নীতিমুক্ত পর্যালোচনা নিশ্চিত করার মাধ্যমে সরকার সুশাসনের দৃঢ় বার্তা দিয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক বন্যাদুর্গতদের পুনর্বাসন এবং বিপর্যস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্য ও শিক্ষাখাত পুনর্গঠনের কাজও চলমান রয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের পাঁচ মাসের কার্যক্রমে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে। সংক্ষিপ্ত এই সময়ে অর্জিত সাফল্যকে ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে সরকার জনগণের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণের আস্থা ও বিশ্বাসই একটি সরকারের সবচেয়ে বড় শক্তি। তাই সরকারের প্রতিটি উদ্যোগ, প্রতিটি অর্জন, প্রতিটি সংস্কার এবং প্রতিটি চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করাকে আমরা নৈতিক দায়িত্ব হিসেবে দেখি।”
তিনি আরও বলেন, “জনগণের আস্থা, সমর্থন ও গঠনমূলক মতামতই আগামী দিনের পথচলায় সরকারের সবচেয়ে বড় প্রেরণা। জনগণই সরকারের কাজের প্রকৃত মূল্যায়নকারী।”
মাহদী আমিন বলেন, “দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো পুনরুদ্ধারের জন্য গণ-মানুষের নেতা ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের ম্যান্ডেট পেয়েছেন। দায়িত্ব গ্রহণের পর অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই তিনি মানুষের আস্থার চূড়ায় অবস্থান করছেন।”
তিনি দাবি করেন, গত পাঁচ মাসে জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থন নিয়ে নির্বাচনী ইশতেহারের আলোকে সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ রক্ষায় নানা চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করেছে সরকার। এর মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা হয়েছে।
সংবাদ সম্মেলনের শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে মাহদী আমিন বলেন, “দুই বছর আগে আজকের এই সময়ে আমাদের প্রিয় মাতৃভূমি এক রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী হয়েছিল। ন্যায্য অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের কণ্ঠ স্তব্ধ করতে ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী গুলি করে হত্যার পথ বেছে নিয়েছিল। রংপুরে আবু সাঈদ, চট্টগ্রামে ওয়াসিম আকরাম, ঢাকায় ফারহানাসহ অসংখ্য নিরপরাধ শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগে সে আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়।”
তিনি বলেন, “সকল শ্রেণি-পেশার মানুষ এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংঘটিত সেই গণঅভ্যুত্থানের প্রবল জনরোষে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটে। পরবর্তীতে গণ-আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসেবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে বিএনপির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার। গত ১৬ বছরে সবচেয়ে বেশি গুম, খুন, হামলা, মামলা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আমরা গভীর শ্রদ্ধাভরে সকল শহীদকে স্মরণ করছি এবং মহান আল্লাহর দরবারে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।”
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) ও শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক, গাজী শাহরিয়ার পামির এবং আশরোফা ইমদাদ।
উল্লেখ্য, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকার ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে। সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

