‘চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই জামায়াতের গুপ্ত’

হারুনের বক্তব্যে চরম ক্ষোভ দলীয় নেতাদের

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

হারুনের বক্তব্যে চরম ক্ষোভ দলীয় নেতাদের

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির নেতারা সবাই জামায়াতের গুপ্ত। এরা কেউ নির্বাচনের সময় দলের ভোট করেনি, বরং জামায়াতকে সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশিদ।

গত শনিবার জেলা ছাত্রদল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশিদ বলেন, বর্তমান জেলা বিএনপির দায়িত্বে যারা আছেন, তারা সবাই গুপ্ত জামায়াতের সদস্য। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তারা কেউ বিএনপির ভোট করেননি। তাই আমি পার্টির চেয়ারম্যানকে অনুরোধ করব, বিষয়টি তদন্ত করতে হবে। কারণ, গত নির্বাচনে আপনি আমাদের নমিনেশন দিয়েছেন। প্রার্থী হিসেবে আমি, শাহজাহান মিঞা ও আমিনুল প্রতিদ্বন্দ্বিতা করেছি। যারা নেতৃত্বে ছিলেন, তারা রাস্তা অবরোধ করে মশাল মিছিল করেছেন। অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি আরো বলেন, ছাত্রদলকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কারো চামচামি করার দরকার নেই। রাজনীতি থেকে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে আসছে। কিন্তু আমরা চাই পরবর্তী প্রজন্ম একটি আদর্শ ও নীতিনৈতিকতা নিয়ে বেড়ে উঠুক। নেতৃত্ব দিয়ে তারা আমাদের মুখ উজ্জ্বল করুকÑএটাই আমরা চাই।

এ বিষয়ে জানতে গতকাল সোমবার হারুনুর রশিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি যা বক্তব্য দিয়েছি, তা-ই আমার মন্তব্য। এর বেশি আর কিছু বলতে চাই না, দরকারও নেই।’

হারুনুর রশিদের এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম (রফিক চাইনিজ)।

তিনি পাল্টা অভিযোগ করে বলেন, হারুন সাহেব যেটা বলেছেন, সেটা তার ব্যক্তিগত কথা। ২০২১ সালে তারেক রহমান জেলা বিএনপির কমিটি দিয়েছেন। এরপর থেকে কমিটির নেতারা প্রকাশ্যে কাজ করেছেন, আন্দোলন-সংগ্রাম করেছেন। অতএব, তিনি (হারুন) গুপ্ত বললেই তো গুপ্ত হয়ে যাবে না। বরং তিনিই গুপ্ত। কারণ, সংসদে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ ও শেখ হাসিনার গুণকীর্তন করে খুশি করার জন্য।’

তিনি আরো বলেন, ‘এই গুপ্ত ৫ আগস্টের পর নিজেকে জাহির করার চেষ্টা করছেন। এছাড়া গুপ্ত হওয়ার কারণে বিএনপির লোকজন ও সাধারণ ভোটার তাকে প্রত্যাখ্যান করেছেন এবং ৬৪ হাজার ভোটে তিনি ফেল করেছেন।’

জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান বলেন, জেলা বিএনপি কখনই গুপ্ত সংগঠন করে না, তারা শক্তভাবে দল করে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করেই দল করে। গুপ্ত সংগঠন হারুনুর রশিদ সাহেবই করেন। বিগত নির্বাচনগুলোতে গুপ্ত আওয়ামী লীগ, গুপ্ত জামায়াত আঁতাত করে চলেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন