আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপির ইশতেহার

পাঁচ বছরে ১ কোটি জনশক্তি বিদেশে পাঠাবে

স্টাফ রিপোর্টার

পাঁচ বছরে ১ কোটি জনশক্তি বিদেশে পাঠাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে আগামী পাঁচ বছরে ১ কোটি দক্ষ ও আধাদক্ষ জনশক্তি বিদেশে কর্মসংস্থানে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই ইশতেহার ঘোষণার আয়োজন করা হয়। আসন্ন নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং এটিই তার প্রথম ইশতেহার।

বিজ্ঞাপন

ইশতেহারে বলা হয়েছে, বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণের মাধ্যমে দেশের বেকারত্ব কমানো, রেমিটেন্স আয় বৃদ্ধি এবং প্রবাসীদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করাই হবে এই পরিকল্পনার মূল লক্ষ্য।

বিদেশে কর্মসংস্থান বিস্তৃতি

ইশতেহার অনুযায়ী, আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে প্রেরণ করা হবে। এ লক্ষ্যে উপজেলা পর্যায়ে তালিকাভুক্ত কর্মপ্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হবে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য সর্বনিম্ন খরচে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রবাসে যেতে আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ প্রদান করা হবে। একই সঙ্গে বিমানবন্দর ও বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসগুলোতে ঝামেলামুক্ত ও সম্মানজনক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রবাসী কার্ড চালু

প্রবাসী বাংলাদেশীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এই কার্ডে প্রবাসীদের তথ্য, দক্ষতা ও চাকরির শর্ত সংরক্ষিত থাকবে। কার্ডটি ব্যাংক পেমেন্ট গেটওয়ের সঙ্গে যুক্ত থাকবে, যার মাধ্যমে সহজে রেমিটেন্স পাঠানো যাবে। রেমিটেন্সে বাড়তি প্রণোদনা দেওয়া হবে এবং দেশে ফেরত প্রবাসীদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে।

প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন

ইশতেহারে বলা হয়, প্রবাসী বাংলাদেশীদের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সদস্যপদ দেওয়া হবে। প্রবাসে মৃত্যু, দুর্ঘটনা বা চাকরি হারালে আর্থিক সহায়তা দেওয়া হবে। উদ্যোক্তা হতে আগ্রহীদের জন্য এসএমই ও ভেঞ্চার ক্যাপিটাল সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি দেশে ফেরত প্রবাসীদের কর্মসংস্থান, পরিবারের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে এবং পুনরায় বিদেশে যাওয়ার ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে।

ওভারসিজ স্কিলস ইনভেস্টমেন্ট পার্ক

প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগে উৎসাহ দিতে ১০০ একর জমিতে একটি বিশেষায়িত ‘ওভারসিজ স্কিলস ইনভেস্টমেন্ট পার্ক’ স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা স্বল্প ভাড়ায় বা লিজ নিয়ে আধুনিক মানের স্কিলস ট্রেনিং সেন্টার স্থাপন করতে পারবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগে বিশেষ সুযোগ ও প্রণোদনা দেওয়া হবে। এ লক্ষ্যে বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসগুলোকে আরও গতিশীল ও সেবামুখী করা হবে। বিদেশে ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট মেলা’ আয়োজনের মাধ্যমে বিনিয়োগনীতি ও দেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরা হবে।

কারিগরি শিক্ষায় জনবল নিয়োগ

সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৭ হাজার ৫০০ দেশি শিক্ষক ও উন্নত বিশ্বের প্রশিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে পলিটেকনিক, টিটিসি ও বিটিইবি প্রতিষ্ঠানে এক হাজার দক্ষ বিদেশি প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে।

ভাষাগত দক্ষতা বৃদ্ধি

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় আরবি, ইংরেজি, জাপানিজ, জার্মান ও কোরিয়ান ভাষায় দক্ষতা অর্জনের জন্য এক হাজার ভাষা প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ১০০ জন নেটিভ স্পিকার স্থানীয় শিক্ষকদের সরাসরি প্রশিক্ষণ দেবেন।

অবকাঠামো ও প্রযুক্তি সংস্কার

আগামী অর্থবছরেই পলিটেকনিক, টিটিসি, বিটিইবি ও অন্যান্য সরকারি কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর পুরোনো যন্ত্রপাতি আধুনিকায়ন এবং নতুন ভবন নির্মাণে ৪ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে।

ফরেন ল্যাঙ্গুয়েজ ই-লার্নিং সেন্টার

বিএমইটিতে একটি ‘ফরেন ল্যাঙ্গুয়েজ ই-লার্নিং সেন্টার’ স্থাপন করা হবে। এই সেন্টার থেকে অনলাইনে আরবি, ইংরেজি, জাপানিজ, জার্মান ও কোরিয়ানসহ বিভিন্ন ভাষার প্রশিক্ষণ দেওয়া হবে। হাইব্রিড পদ্ধতিতে মাদ্রাসা, স্কুল, কলেজ এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়েও এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

জাতীয় কারিগরি দক্ষতা কমিশন

সব কারিগরি প্রতিষ্ঠানের প্রশিক্ষণের মান নিয়ন্ত্রণ, অর্থায়ন ও কারিকুলাম সমন্বয়ের জন্য ‘প্ল্যানিং কমিশন’-এর আদলে একটি শক্তিশালী ‘জাতীয় কারিগরি দক্ষতা কমিশন’ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। এই কমিশন আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিশ্লেষণ করে দক্ষ জনশক্তি প্রেরণের উদ্যোগ গ্রহণ করবে এবং উচ্চ বেতনের চাকরির সুযোগ বৃদ্ধিতে কাজ করবে।

ডিজিটাল ডাটাবেজ ও স্কিল ভেরিফিকেশন

দক্ষ কর্মীদের জন্য একটি শক্তিশালী ‘স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম’ চালু করা হবে। এর মাধ্যমে কর্মীদের দক্ষতা, অভিজ্ঞতা ও সনদ যাচাই করে একটি ‘স্মার্ট স্কিল ব্যাংক’ বা ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হবে। যাচাইকৃত কর্মীদের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হবে।

মাইগ্রেশন মার্কেট রিসার্চ ইনস্টিটিউট

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি ‘মাইগ্রেশন মার্কেট রিসার্চ ইনস্টিটিউট’ গঠন করা হবে। এই প্রতিষ্ঠান আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা নিয়মিত গবেষণা করে সে অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির সুপারিশ করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন