আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াতের উদ্দেশে রিজভী

আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি?

স্টাফ রিপোর্টার

আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি?

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নারীদের অপমান করেছেন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনাদের বক্তব্য শুনলে বোঝা যায়, আপনারা ক্ষমতায় গেলে নারী সমাজের দুর্দিন শুরু হবে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা কি মন্ত্রী হননি? অথচ এখন বলেন—দলের প্রধান কোনো নারী হতে পারবে না। তাহলে আপনারা কেন একজন নারীকে মনোনয়ন দেননি?

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জামায়াতকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, জান্নাতের কার্ড শেষ হয়ে গেছে? যে কারণে নারীদের ধরলেন! নাকি অল্প সময়ের জন্য শফিক সাহেবের আইডি হ্যাক হয়ে গিয়েছিল? তিনি বলেন, শফিকুর রহমানের মন্তব্যে নারী সমাজকে চরমভাবে অপমান করা হয়েছে।

সমাবেশে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, জামায়াতের আমির পুরো নারী সমাজকে অপমান করেছেন। তিনি দাবি করেন, আইডি হ্যাক হওয়ার যে দাবি করা হয়েছে, তা প্রমাণ করতে না পারলে ডা. শফিকুর রহমানকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।

জামায়াতের বিরুদ্ধে নারীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আফরোজা আব্বাস বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতাবিরোধী ছিল। একাত্তরে তারা মা-বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, নারীদের কাছে ক্ষমা চাইতে হবে শফিকুর রহমানকে। তা না হলে যে আগুন জ্বলে উঠবে, সেই আগুনে জামায়াত পুড়ে ছারখার হয়ে যাবে। তিনি আরো বলেন, যেই মায়ের গর্ভ থেকে সবার জন্ম, সেই মায়ের জাতিকেই পায়ের নিচে রাখতে চায় জামায়াত।

বেগম সেলিমা রহমান বলেন, আগামী ১২ তারিখে নারীরাই বুঝিয়ে দেবে—নারীদের হেয় করে কোনো দল কখনোই বিজয়ী হতে পারে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন