সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

স্টাফ রিপোর্টার

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আরিফা সুলতানা লুনা (রুমা)। তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দীর্ঘদিন ধরে দলের রাজনীতি ও আন্দোলন-সংগ্রামের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।

দলীয় সূত্রে জানা গেছে, রাজপথের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি অবিচল আনুগত্যের স্বীকৃতি হিসেবেই তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। তার নিজ এলাকা পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের নেতাকর্মীরা তাকে সংসদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে চাটমোহর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে স্থানীয়রা মনে করেন।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। ২০০৭ সালের ‘ওয়ান-ইলেভেন’ পরবর্তী সময় থেকে আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে ভূমিকা রাখেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিক মামলার মুখোমুখি হন এবং ২০১৮ সালে কারাভোগও করেন। এছাড়া তাকে কয়েকদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে জানা যায়।

ছাত্ররাজনীতিতে তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের দু’বার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন, যার মধ্যে রয়েছে সদস্য, সহ-সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাধারণ সম্পাদক পদ।

পরবর্তীতে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। দলীয় কার্যক্রম বেগবান করা এবং নারী জাগরণে তার ভূমিকা নেতাকর্মীদের মধ্যে ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে।

দলের দুর্দিনে রাজপথে সক্রিয় থাকা এই নেত্রী নানা সময় হামলা-মামলা ও নির্যাতনের শিকার হলেও রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়াননি। বিএনপির নেতাকর্মীরা মনে করেন, তার এই দীর্ঘ রাজনৈতিক পথচলা ও ত্যাগই তাকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নের ক্ষেত্রে এগিয়ে দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন