ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি নেতা আমিনুল হক অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলামী সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করছে। বুধবার নির্বাচনি প্রচারণায় রাজধানীর মিরপুর-১১ এলাকার আদর্শ নগর ও কালসী এলাকায় গণসংযোগকালে তিনি এসব অভিযোগ করেন।
এ সময় আমিনুল হক দাবি করেন, পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে জামায়াতের কর্মীরা রাতের আঁধারে সাধারণ মানুষের ঘরে ঘরে পোলাওয়ের চাল ও মুরগি বিতরণ করেছে। অসহায় মানুষকে টাকা ও উপহার দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। ঘরে ঘরে গিয়ে খাবার ও চাল পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সাধারণ মানুষ দেখে ফেললে তারা দৌড়ে পালিয়ে যায়।
তিনি বলেন, একটি অশুভ চক্র বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এবং অর্থের প্রলোভন দেখিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের উস্কানিদাতা ও বিশৃঙ্খলাকারীদের বিষয়ে তিনি ও তার সমর্থকরা সতর্ক রয়েছেন বলেও জানান।
আমিনুল হক জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের এসব ঘটনা ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়েও দলের নেতৃবৃন্দ এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছেন।
গণসংযোগকালে মিরপুর-১১ এলাকার প্রতিটি অলিগলি ঘুরে সাধারণ ভোটারদের হাতে নিজের নির্বাচনি ইশতেহার তুলে দিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষ এখন অনেক সচেতন। মিথ্যাচার কিংবা প্রলোভনে তারা পা দেবে না। আমরা আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার অপেক্ষায় আছি।’
এ সময় আদর্শ নগর এলাকায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ আমিনুল হকের সঙ্গে গণসংযোগে অংশ নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


বিটিভিতে সেনাবাহিনী নিয়ে প্রামাণ্যচিত্র ‘দূর্বার-সমরে শান্তিতে’
ভোটাধিকার নিশ্চিত হলে জনগণের ন্যায়সঙ্গত রায়ই প্রতিফলিত হবে