আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মন্ত্রী-এমপিদের এলাকায় জমে উঠেছে ঈদ রাজনীতি

স্টাফ রিপোর্টার

মন্ত্রী-এমপিদের এলাকায় জমে উঠেছে ঈদ রাজনীতি

ত্রয়োদশ সংসদ নির্বাচনের এক মাসের মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় মন্ত্রী-এমপিদের উপস্থিতিতে জমে উঠেছে ‘ঈদ রাজনীতি’। দীর্ঘ ১৮ বছর পর সরকার গঠন করা বিএনপির জন্য এবারের ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়; বরং জনগণের আরো কাছে যাওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেই দেখা হচ্ছে।

এবার বিএনপি, জামায়াত ও এনসিপির সংসদ সদস্যসহ দলীয় নেতারা নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছেন। কেউ কেউ রাজধানীতে ঈদ করবেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী বিতরণ এবং গণসংযোগের মাধ্যমে পাড়া-মহল্লায় সরব হয়ে উঠেছে রাজনৈতিক কর্মকাণ্ড।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ দেড় যুগ পর দেশের মাটিতে ঈদ উদযাপন করবেন। ঈদের দিন সকালে জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন। সেখানে কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, আলেম, শিল্পী-সাহিত্যিক এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। দিনশেষে পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের পর সকাল ১০টায় যমুনায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের বিরোদীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঈদুল ফিতরের নামাজ পড়বেন নিজ নির্বাচনি এলাকা রাজধানীর মিরপুরের মনিপুর গার্লস হাই স্কুল মাঠে। সকাল ৮টায় অনুষ্ঠিত নামাজ আদায় শেষে তিনি সেখানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

পরে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং বেলা ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রাজনৈতিক নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

জামায়াতের অন্য শীর্ষ নেতাদের মধ্যে নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি ঢাকায়, অধ্যাপক মুজিবুর রহমান এমপি রাজশাহীর গোদাগাড়ীতে, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঢাকায়, মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়ায়, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানায়, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম কুমিল্লার লাকসাম উপজেলায়, মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়ায়, ড. হামিদুর রহমান আযাদ কক্সজারের কুতুবদিয়া এবং সিনিয়র নেতারা নিজ নিজ এলাকায় ঈদ করবেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক পবিত্র উমরা পালনের উদ্দেশে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি পবিত্র মক্কা নগরীতে ঈদের নামাজ আদায় করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কুশল বিনিময় করবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম চরমোনাই মাদরাসার ঈদগাহে ঈদের নামাজ আদায় ও এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকায় ঈদ করবেন। সংসদীয় আসনের জনগণের সঙ্গে ঈদের নামাজ আদায় করে শুভেচ্ছা বিনিময় করবেন। দলটির সদস্য সচিব আক্তার হোসেন রংপুরে ঈদ করবেন। হাসনাত আবদুল্লাহ ঈদ করবেন কুমিল্লায়। ইতোমধ্য দলটির নেতারা যার যার সংসদীয় আসনে ঈদ করার জন্য চলে গেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বলেন, দলের অধিকাংশ সিনিয়র নেতা ঢাকায় ঈদ করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ ও শুভেচ্ছা বিনিময় শেষে তারা নিজ নিজ এলাকায় গিয়ে জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।

তিনি আরো জানান, এবারের ঈদে বিএনপির সব সিনিয়র নেতা ও মন্ত্রী ঢাকায় ঈদ করবেন। তবে দলটির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে ঈদ করবেন। দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসাধীন। ঈদের সময়ও তিনি সেখানে থাকবেন।

এবার বিএনপির ২০৯ জন এবং জোট শরিকদের তিনজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নতুনদের মধ্যে ১৪৩ জন প্রথমবারের এমপি এবং ৪১ জন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী। ঈদ সামনে রেখে তারা নিজ নিজ এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড, গণসংযোগ এবং সামাজিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন।

জনপ্রতিনিধিরা ঈদ উপলক্ষে শাড়ি, থ্রি পিস, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করছেন। পাশাপাশি মসজিদে অনুদান, রাস্তা সংস্কার এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করছেন।

দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকেও প্রতিটি এলাকায় উপহারসামগ্রী পাঠানো হয়েছে।

এদিকে, দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজন দূর করে তৃণমূলকে শক্তিশালী করতে ঈদের এ জনসংযোগকে কৌশল হিসেবে দেখছে দলটি। বিশেষ করে যেসব আসনে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে, সেখানে ঐক্য ফিরিয়ে আনতে নেতারা সক্রিয় ভূমিকা রাখছেন। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরাও এলাকায় ব্যাপক প্রচার চালাচ্ছেন।

দলীয় নেতারা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে রমজান মাসজুড়ে ইফতার পার্টি এড়িয়ে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদের সময়ও সে ধারাবাহিকতা বজায় রেখে মানুষের পাশে থাকার চেষ্টা চলছে।

স্থানীয়দের মতে, ঈদের আগে জনপ্রতিনিধিদের এমন সরব উপস্থিতি ইতিবাচক প্রভাব ফেলছে। এতে একদিকে যেমন এলাকার সমস্যা সরাসরি তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে জনপ্রতিনিধিদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগও বাড়ছে।

নেতাকর্মীদের নিয়ে মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিরাজগঞ্জ-৬ আসনের এমপি ডা. এমএ মুহিত। তিনি জানান, পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও নিজ সংসদীয় আসনের সাধারণ মানুষের সঙ্গে ১৭ বছর পর মুক্ত পরিবেশে ঈদ করব।

লক্ষ্মীপুরের রামগঞ্জে ঈদের নামাজ আদায় করবেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর পর জনগণের ভোটে সরকার গঠন করেছে বিএনপি। তাই এখন মানুষের প্রত্যাশা পূরণই আমাদের প্রধান লক্ষ্য। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখতে হবে।

তিনি আরো বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে জনগণের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়।

সব মিলিয়ে জাতীয় নির্বাচনের পর প্রথম ঈদ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে, যা তৃণমূলের রাজনীতিকে আরো সক্রিয় করে তুলছে।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খ চরমোনাই) ঐতিহ্যবাহী চরমোনাই মাদরাসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন । দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ কদমতলীর জামেয়া ইউনুসিয়া মাদরাসা মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ওমরাহতে থাকার কারণে মক্কায় হারামে নামাজ আদায় করে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন। দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ভাটারা সাঈদনগর মাদরাসায় ঈদের জামাতে ইমামতি করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন