জুলাইয়ের চেতনা ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না: বুলু

জুলাইয়ের চেতনা ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না: বুলু
ছবি: ‘জুলাই গণঅভ্যুত্থানে ভাসানী জনশক্তি পার্টির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন বরকত উল্লাহ বুলু।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও ক্ষতিগ্রস্তদের প্রতি জাতির দায়বদ্ধতা রয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ফলে কোনোভাবেই জুলাই অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না।

রোববার জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানে ভাসানী জনশক্তি পার্টির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে জনগণ ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। ১৯৭১ আমাদের ভিত্তিমূল্য, একে অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ত্যাগের সঙ্গে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। শেখ মুজিব যখন মুক্তিযুদ্ধের চেতনা থেকে বের হয়ে বাকশাল ও একনায়কতন্ত্র কায়েম করেছিলেন, তখনই তিনি নিজের পতন ডেকে এনেছিলেন।

শিক্ষা খাতে সাবেক সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বুলু বলেন, বিগত সময়ে লেখাপড়া না করিয়ে অটো পাস এবং জিপিএ-৫ দেওয়ার যে সংস্কৃতি চালু করা হয়েছিল, তা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে, যার প্রমাণস্বরূপ এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বরও পায়নি।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং মহাসচিব ড. আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন