তৃতীয় মাত্রার জিল্লুরের স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন

আমার দেশ অনলাইন

তৃতীয় মাত্রার জিল্লুরের স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
সাংবাদিক জিল্লুর রহমান ও তার স্ত্রী ফাহমিদা হক। ছবি: সংগৃহীত

টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হক জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

জিল্লুর রহমান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক আর ফাহমিদা হক পরিচালনা পর্ষদের সদস্য বা বোর্ড অব ডিরেক্টর হিসেবে দায়িত্বরত। তিনি বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক।

বিজ্ঞাপন

ফাহমিদা হকের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায়। তিনি ঢাকায় বড় হয়েছেন। সাংবাদিক জিল্লুর রহমান তার স্বামী হলেও সিভিতে তার পরিচয় দেননি। বাবা জহিরুল হকের নাম সিভিতে উল্লেখ করেছেন তিনি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বিএনপি। তালিকায় অভিজ্ঞ ও নতুন মুখের সমন্বয় থাকলেও আলোচনায় থাকা কয়েকজন হেভিওয়েট নেত্রী শেষ পর্যন্ত বাদ পড়েছেন। তালিকায় সাবেক সংসদ সদস্য রয়েছেন ১০ জন। অন্যদিকে সবচেয়ে বড় চমক হিসেবে মনোনয়ন পেয়েছেন ছাত্রদলের সহসভাপতি মানসুরা আক্তার।

গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি জানান, জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা দুদিনব্যাপী বিস্তৃত সাক্ষাৎকার নেওয়ার পর মনোনয়ন বোর্ড চূড়ান্তভাবে এ তালিকা নির্ধারণ করেছে।

এবার নারী আসনে একাধিক কেন্দ্রীয় নেতার স্ত্রী ও সন্তানরা মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে রয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী, চট্টগ্রামের সাবেক এমপি ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানা, দলের যুগ্ম মহাসচিব এবং নরসিংদী-১ আসনের এমপি খায়রুল কবির খোকনের স্ত্রী ও মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের মরহুম সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হুসাইন।

এদিকে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর সমালোচনা শুরু হয়েছে সুবর্ণা সিকদারকে (ঠাকুর) নিয়ে। অভিযোগ রয়েছে, তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শেখ হাসিনার প্রশংসা করে দেওয়া তার বক্তব্যের ভিডিও সামাজিকমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে সুবর্ণা ঠাকুর বলেন, আওয়ামী লীগের কমিটিতে আমার সম্মতিতে নাম ছিল না। অনুমতি ছাড়াই কমিটিতে পদ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের কোনো রাজনীতিতে সক্রিয় ছিলাম না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন