আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রেস ব্রিফিংয়ে তারেক রহমান

যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে

স্টাফ রিপোর্টার

যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে

বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করায় দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিরলস কাজের মাধ্যমে জনগণের বিশ্বাসের মূল্য দিতে হবে। নেতাকর্মীদের অবশ্যই দায়িত্বশীল হতে হবে। যেকোনও মূল্যে শান্তি-আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে।

শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। তাই দেশকে কেউ যেন আর তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে সেই ব্যাপারে আমদের সতর্ক থাকতে হবে।

এ সময় তিনি নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলো মিলে একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এজন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, শত নির্যাতন-নিপীড়নের পরও আপনারা রাজপথ ছাড়েননি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অটুট ছিলেন। এবার দেশ গড়ার পালা। এ যাত্রায় প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, অবশ্যই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ, ডা. এজেডম জাহিদ হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন