‘শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তিতে কূটনীতি ও সংলাপই কার্যকর পথ’

আন্তর্জাতিক আইন সবার জন্য সমানভাবে প্রয়োগের আহ্বান গিলানির

আন্তর্জাতিক আইন সবার জন্য সমানভাবে প্রয়োগের আহ্বান গিলানির

আন্তর্জাতিক আইন সব রাষ্ট্রের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি। একই সঙ্গে বিশ্বব্যাপী আইন ও নীতি নির্ধারণে গ্লোবাল সাউথের দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।

শনিবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে দ্বিতীয় আন্তঃসংসদীয় স্পিকার্স সম্মেলনে (আইএসসি) বক্তব্য দেওয়ার সময় গিলানি এসব কথা বলেন। তিনি বলেন, শান্তি বেছে বেছে প্রতিষ্ঠা করা যায় না। বিশ্বের কোনো একটি স্থানে শান্তির জন্য হুমকি তৈরি হলে তা সর্বত্র শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

বিজ্ঞাপন

গিলানি বলেন, আন্তর্জাতিক আইন সব রাষ্ট্রের জন্য সমানভাবে কার্যকর হতে হবে। একই সঙ্গে বৈশ্বিক নিয়মকানুন তৈরিতে গ্লোবাল সাউথের দেশগুলোর আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, বিভিন্ন দেশের সংসদকে আন্তর্জাতিক চুক্তি অনুমোদন, জবাবদিহি নিশ্চিত এবং ন্যায্য আন্তর্জাতিক নীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দিয়ে তিনি কূটনীতি ও সংলাপকে সবচেয়ে কার্যকর পথ হিসেবে উল্লেখ করেন। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। গিলানি বলেন, পাকিস্তান নিজে সন্ত্রাসবাদের শিকার হয়েছে এবং লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তাই সংঘাতের মূল্য সম্পর্কে পাকিস্তান ভালোভাবেই জানে এবং দেশটি শান্তির পথ বেছে নিয়েছে।

আন্তঃসংসদীয় স্পিকার্স সম্মেলনকে আরও কার্যকর করার প্রস্তাবও দেন গিলানি। তিনি আইএসসিকে একটি স্থায়ী প্রতিষ্ঠানে রূপ দেওয়ার পাশাপাশি দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা, তথ্য অনুসন্ধান মিশন এবং শান্তি ও নিরাপত্তা বিষয়ে নিয়মিত সংসদীয় কার্যক্রম চালুর প্রস্তাব করেন।

সম্মেলনের ফাঁকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে বৈঠক করেন গিলানি। বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। গিলানি পাকিস্তান সফরের জন্য কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

পরে কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনির সঙ্গেও সাক্ষাৎ করেন গিলানি। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সংসদীয় নেতারা নমপেনে শান্তি, সংলাপ ও সহযোগিতার অভিন্ন লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছেন।

সূত্র: ডন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন