‘জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসকে বয়কটের আহ্বান’

‘জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসকে বয়কটের আহ্বান’
ছবি: সংগৃহীত।

ইসরাইলের সাবেক সেনাসদস্য শালেভ বিটনকে একটি প্রচারণায় যুক্ত করায় জার্মানির ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের বিরুদ্ধে বয়কটের আহ্বান উঠেছে। সমালোচকরা বলছেন, এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইসরাইলি সামরিক বাহিনীর প্রতি সমর্থনের বার্তা দিচ্ছে এবং বিটনকে ব্যবহার করে তাদের ‘সিঙ্গেল শু সার্ভিস’ প্রচার করছে—যা ইসরাইলি সামরিক সদস্যদের সুবিধা দেয় বলে দাবি করছেন অনেকে। খবর আনাদোলুর।

বিজ্ঞাপন

মানবাধিকার কর্মী এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা অ্যাডিডাস বয়কটের আহ্বান জানিয়েছেন। গাজায় যুদ্ধের প্রেক্ষাপটে প্রতিবন্ধীদের জন্য সহজগম্যতা নিশ্চিত করার একটি উদ্যোগ প্রচারে একজন সাবেক ইসরাইলি প্রাক্তন সেনাসদস্যকে ব্যবহারের বিষয়ে তারা প্রশ্ন তুলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৫,০০০-এরও বেশি মানুষের অঙ্গহানি ঘটেছে।

২০২১ সালের মে মাসে গাজার কাছে লড়াইয়ে আহত হয়ে বাম পা হারানো বিটনকে এই প্রচারণায় অন্তর্ভুক্ত করার ফলে, এই উপতক্যায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের প্রেক্ষাপটে অ্যাডিডাস কীভাবে প্রতিবন্ধকতার বিষয়টি মোকাবেলা করছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

২০২৬ সালের মে মাসে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিইউএইচও) হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৫,০০০-এর বেশি আঘাতজনিত অঙ্গচ্ছেদ এবং ২২,০০০-এর বেশি গুরুতর অঙ্গপ্রত্যঙ্গের আঘাতের ঘটনা ঘটেছে।

এ ছাড়া ইউনিসেফের সর্বশেষ ‘স্টেট অব প্যালেস্টাইন’ বিষয়ক আবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ হাজারের বেশি শিশু গুরুতর আঘাত পেয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে সিএনএন, সেভ দ্য চিলড্রেন ও ইউনিসেফের তথ্য উদ্ধৃত করে জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় প্রতিদিন গড়ে ১০টিরও বেশি শিশু একটি বা উভয় পা হারিয়েছে। ডিসেম্বর ২০২৩ নাগাদ প্রায় ১ হাজার শিশু একটি বা উভয় পা হারিয়েছিল বলে তখন জানানো হয়েছিল।

ডব্লিইউএইচও আরো জানিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মে পর্যন্ত ২ হাজার ২৭৭ জন অঙ্গচ্ছেদের শিকার ব্যক্তিকে মূল্যায়ন করা হয়েছে এবং ৫০২ জনকে কৃত্রিম অঙ্গ দেওয়া হয়েছে। সংস্থাটি বলেছে, গাজায় পুনর্বাসনসেবা ও সহায়ক সরঞ্জামের তীব্র ঘাটতি রয়েছে। আলাদাভাবে ডব্লিইউএইচও জানিয়েছে, গাজায় ৪২ হাজারের বেশি মানুষ এমন আঘাত পেয়েছেন, যাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রয়োজন।

সমালোচকরা প্রশ্ন তুলেছেন যে, প্রবেশগম্যতা সংক্রান্ত আলোচনায় অঙ্গহানি হওয়া ফিলিস্তিনিরা তুলনামূলক মনোযোগ পাচ্ছেন কি না। এই সমালোচনার বেশিরভাগই ‘সিঙ্গেল শু সার্ভিস’ উদ্যোগটির ওপর নয়, বরং অ্যাডিডাসের প্রচারণার প্রতিনিধি নির্বাচন এবং যুদ্ধকে ঘিরে থাকা রাজনৈতিক পরিস্থিতির ওপর কেন্দ্রীভূত হয়েছে।

বিটনের সামরিক পটভূমি এবং গাজা সংঘাতের বৃহত্তর প্রেক্ষাপট বিবেচনা করে, প্রচারণার প্রতিনিধি হিসেবে অ্যাডিডাসের এই নির্বাচন নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমও তার অনুসারীদের অ্যাডিডাস বয়কটের আহ্বান জানিয়েছেন। বিটনের মাধ্যমে ইসরাইলে অ্যাডিডাসের ‘সিঙ্গেল শু সার্ভিস’ প্রচারের সিদ্ধান্তের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি স্টোরি পোস্টে এ আহ্বান জানান।

অ্যাডিডাস ২০২৬ সালের ১৯ জানুয়ারি ইউরোপে ‘সিঙ্গেল শু সার্ভিস’ চালু করে এবং মার্চে আনুষ্ঠানিকভাবে উদ্যোগটির ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ইউরোপের ২৩টি দেশে অ্যাডিডাসের নিজস্ব মালিকানাধীন দোকানে এই সেবা পাওয়া যাবে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন