এমপি ফখর উদ্দিন বাচ্চুকে বিএনপির শোকজ

এমপি ফখর উদ্দিন বাচ্চুকে বিএনপির শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিজ্ঞাপন

শনিবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দলীয় সূত্র জানায়, শৃঙ্খলা-বিরোধী কর্মকাণ্ডের অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর কাছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তবে নোটিশে তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কী কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে স্থানীয়ভাবে ঝুট (জুট) ব্যবসা নিয়ন্ত্রণ, প্রভাব বিস্তার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব অভিযোগ রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রকাশিত অভিযোগসহ বিভিন্ন বিষয় পর্যালোচনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই ধারাবাহিকতায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর কোনও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। নির্বাচনে তিনি ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম পান ৬৫ হাজার ৫৯১ ভোট। ৪৪ হাজার ৬২৩ ভোটের ব্যবধানে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন