আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইডি হ্যাকের অজুহাত জনগণের সঙ্গে প্রতারণা: নাসির উদ্দিন নাসির

প্রতিনিধি, ঢাবি

আইডি হ্যাকের অজুহাত জনগণের সঙ্গে প্রতারণা: নাসির উদ্দিন নাসির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে দেওয়া আপত্তিকর মন্তব্যকে ‘আইডি হ্যাক’-এর অজুহাতে অস্বীকার করাকে জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

বিজ্ঞাপন

তিনি বলেন, একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হলেও তাৎক্ষণিক রিকভারি প্রক্রিয়া থাকে। সেখানে পাঁচ মিনিটের মধ্যে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণ থেকে শুরু হওয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে অপরাজেয় বাংলার সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাসির উদ্দিন নাসির বলেন, “আল জাজিরাকে দেওয়া বক্তব্যেরই ব্যাখ্যামূলক রূপ ছিল ওই টুইট। এখন সেটিকে হ্যাকের অজুহাতে অস্বীকার করা মানে জনগণকে বিভ্রান্ত করা।”

তিনি আরও বলেন, “জামায়াত অতীতেও নারীদের অবমাননার রাজনীতি করেছে। এবারও একই মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে।”

তিনি দেশের কর্মজীবী নারী ও নারী শিক্ষার্থীদের এ বক্তব্যের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানান।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা—‘শফিক তুই জানিস নাকি, দেশের শক্তি অর্ধেক নারী’, ‘এমন হ্যাকার করল হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’, ‘শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা’—এ ধরনের স্লোগান দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা জানান।

তারা বলেন, ঘটনাটিকে ‘অ্যাকাউন্ট হ্যাকড’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে বলা হয়—

“আমরা বিশ্বাস করি, আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটা আসলে পতিতাবৃত্তিরই আরেক রূপ।”

এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি সুপরিকল্পিতভাবে হ্যাক করা হয়েছে।

রবিবার সকালে রাজধানীর মগবাজারে দলের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ দাবি করেন।

তিনি বলেন, এটি একটি গভীর রাজনৈতিক চক্রান্ত। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি নির্বাচন কমিশনকেও বিষয়টি অবহিত করা হবে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...