সৃজনকলা ও দেশের সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বরেণ্য অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেনকে ‘সৃজনকলা গুণীজন সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়েছে। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত এই বিশেষ প্রাতিষ্ঠানিক সম্মাননাটি এবছরই প্রথম চালু করা হলো।
গত রবিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আফজাল হোসেনের হাতে সম্মাননা স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রবিন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী (বীর বিক্রম), ফারজানা রশীদ ব্রাউনিয়া এবং মনিরা পারভীন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ড. মো. রাফিউল ইসলাম।
সম্মাননা গ্রহণের পর আফজাল হোসেন তাঁর দীর্ঘ সৃজনযাত্রার নানা অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
সভাপতির বক্তব্যে রবিন খান বলেন, “আফজাল হোসেন আমাদের সময়ের এক বহুমাত্রিক সৃজনশীল প্রতিভা। তাঁর কাজ আমাদের আনন্দ দেওয়ার পাশাপাশি সৌন্দর্যকে নতুনভাবে দেখতে শিখিয়েছে। গুণী এই ব্যক্তিত্বকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।”
উল্লেখ্য, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। নতুন প্রজন্মের কাছে দেশীয় শিল্প ও গুণীজনদের সৃজনশীল উত্তরাধিকার তুলে ধরাই এই সম্মাননা আয়োজনের মূল উদ্দেশ্য।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

