বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সম্ভাব্য’ ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর এক ঘণ্টার মধ্যেই সেটি আবার প্রত্যাহার করে নেয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে ভারতের রাষ্ট্রপতি কার্যালয়।
আজ শুক্রবার বিকেলে ভারতের রাষ্ট্রপতি কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছিল, সম্মানিত রাষ্ট্রীয় অতিথির আনুষ্ঠানিক অভ্যর্থনা মহড়ার কারণে শনিবার (২২ অগাস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না।
দুপুর ২টা ২৫ মিনিটে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) বিবৃতিটি প্রকাশ করলেও বিকেলের আগেই তা প্রত্যাহার করা হয়। বিবৃতিটি প্রত্যাহারের পর বেলা তিনটার দিকে রাষ্ট্রপতি কার্যালয় থেকে পাঠানো এক নতুন বার্তায় বলা হয়, ২০২৬ সালের ২১ আগস্ট চলতি শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হবে না শিরোনামে যে প্রেস রিলিজটি দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হলো। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত নয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানের এটি প্রথম ভারত সফর হওয়ার কথা। তবে সফরটি নিয়ে এখন পর্যন্ত ঢাকা বা নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। এ কারণেই রাষ্ট্রপতি ভবন আগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতে কোনো রাষ্ট্র বা সরকারপ্রধান সফরে গেলে রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে আনুষ্ঠানিক অভ্যর্থনার আয়োজন করা হয়। এতে তিন বাহিনীর গার্ড অব অনার, দুই দেশের জাতীয় সংগীত এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উপস্থিতি থাকে। সাধারণত এ ধরনের অনুষ্ঠানের আগের দিন পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


