ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, জনগণ জুলাই পরবর্তী সময়ে যাদের কাছে দেশের ক্ষমতা দিয়েছে, তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অনীহা প্রমাণ করেছে, তারা দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে।
শুক্রবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ভালো নেতা ও ভালো নীতি ছাড়া জাতির মুক্তি নাই। ভালো নেতা ও নীতির সমন্বয় না হলে দেশের উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। দেশে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক দূর করার জন্য ইসলামের শ্রেষ্ঠ আদর্শের বিকল্প নাই।
তিনি আরো বলেন, কালো বর্ণের লোকের নাম সাদা মিয়া রাখলে যেমন সে সাদা হয়ে যায় না, তেমনি ইসলামের নাম দিয়ে অনৈতিকতা, উশৃঙ্খলতা, ধোঁকাবাজি করলে তা ইসলাম হয়ে যায় না। বরং ইসলামের নামে বিজাতীয় সংস্কৃতি, অনৈতিকতা, অনৈসলামিক কর্মকাণ্ড করা হয়, তাতে ইসলাম কলঙ্কিত হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন এবং দক্ষিণের সাধারণ সম্পাদক নেসার উদ্দিন হুজাইফের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুম।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, ঢাকা উত্তর যে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা হাম্মাদ বিন মোশাররফ, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।
আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা ইলিয়াস হাসান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আল আমীন, প্রচার সম্পাদক মুফতি আবু বকর সিদ্দীক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তাফিজুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুফতি হাফিজুল হক ফাইয়াজ, মাওলানা আল আমীন সোহাগ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

