৩০ আগস্ট ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচিতে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই সমর্থনের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, রোববার ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হবে।
বিকাল ৩টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের সামনে থেকে সংসদ অভিমুখে এই পদযাত্রা শুরু হবে। সেখান থেকে মিছিল সহকারে সংসদ ভবনের সামনে উপস্থিত হয়ে স্পিকারের নিকট স্মারকলিপি প্রদান করা হবে।
ওই কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে কর্মসূচিকে সার্বিকভাবে সফল করতে ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


