‘ভায়োলেন্স’-এ যুক্ত হলেন অধরা ও শিরীন শিলা

‘ভায়োলেন্স’-এ যুক্ত হলেন অধরা ও শিরীন শিলা

কানাডায় নির্মিত হতে যাওয়া প্রথম বাংলা ভাষার সিনেমা ‘ভায়োলেন্স’ নিয়ে শুরু থেকেই দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল ছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার কিছু ছবি প্রকাশের পর সেই চর্চা আরও কয়েক গুণ বেড়ে গেছে। বহু বছর আগে মৌসুমী-শাবনূর কিংবা শাবনূর-পূর্ণিমার মতো একাধিক জনপ্রিয় তারকাকে একসাথে এক সিনেমায় দেখার যে আবহ ছিল, দীর্ঘ সময় পর অধরা খান ও শিরীন শিলার যৌথ কাস্টিং যেন সেই আলোচনাকে আবারও ফিরিয়ে এনেছে।

বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তির লক্ষ্যে নির্মিত হতে যাওয়া সিনেমাটি পরিচালনা করছেন প্রাক্তন টিভি অভিনেতা কামাল হোসেন বাবর। শিগগিরই কানাডার বিভিন্ন মনোরম লোকেশনে এর শুটিং শুরু হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

শিরীন শিলা বলেন, ‘ভায়োলেন্স আমার অভিনয় জীবনের অন্যতম সেরা সিনেমা হতে যাচ্ছে। এই সিনেমায় আমার চরিত্রের অনেক গুরুত্ব রয়েছে। চরিত্রটি নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। আপাতত বিস্তারিত প্রকাশ করতে পারছি না, সময় হলেই বিষদ জানাতে পারব। কানাডার বিভিন্ন লোকেশনে শুটিং হবে—এটাই সবচেয়ে বেশি ভালো লাগার। তবে আমার কাছে আনন্দের বিষয় হচ্ছে, এই সিনেমায় আমার প্রিয় বান্ধবী অধরাও আছে। কানাডায় আমরা একই সিনেমায় অভিনয় করব, তা কখনো কল্পনাও করিনি। আমি এখনো ঘোরের মধ্যে আছি, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। সবকিছু যেন ঠিকঠাক মতো হয়, সবার কাছে এই দোয়াই চাই।’

অধরা খান বলেন, ‘শিরীন শিলা আমার খুব ভালো বন্ধু। কিছুদিন আগে সে কানাডায় এসেছে। তখনো জানতাম না যে আমরা এখানে একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। বিদেশের মাটিতে নিজেদের ভাষার সিনেমা করতে যাচ্ছি—এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন শুধু অপেক্ষা সবকিছু ঠিকঠাক হওয়ার। নেপথ্যের পুরো টিমকে ধন্যবাদ জানাই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন