‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ
ছবি: সংগৃহীত।

বেলজিয়ামের উত্তরাঞ্চলে একটি মসজিদে স্বস্তিকা চিহ্ন, বিদ্বেষমূলক বার্তা এবং কুকুরের মল ছড়িয়ে ঘৃণামূলক হামলা বা আক্রমণের ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম রোববার এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।

বিজ্ঞাপন

দেশটির অ্যান্টওয়ার্প প্রদেশের শেলে শহরের তাওফিক মসজিদে শুক্রবার সকালে এ ভাঙচুরের ঘটনা দেখতে পান মসজিদ পরিচালনা পর্ষদের সদস্যরা। বেলজিয়ামের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভিআরটি জানিয়েছে, মসজিদের দরজা ও জানালায় স্বস্তিকা চিহ্ন এবং ঘৃণামূলক বার্তা লেখা হয়। একই সঙ্গে প্রবেশপথের সামনে ছড়িয়ে দেওয়া হয় কুকুরের মল।

মসজিদ পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে বলেছে, “আমাদের কেন্দ্রে বার্তা, স্বস্তিকা এবং কুকুরের মল দেখে আমরা অত্যন্ত হতবাক হয়ে পড়েছিলাম।”

শুক্রবারের জুমার নামাজের আগে কর্মকর্তারা ঘটনাস্থলের ছবি তুলে রাখেন এবং পরে মসজিদটি পরিষ্কার করেন। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে।

স্থানীয় রুপেল পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্টতম প্রকাশ’

মুসলিম রাইটস ওয়াচ বেলজিয়াম ঘটনাটিকে “মুসলিমবিদ্বেষের সবচেয়ে নির্মম প্রকাশ” হিসেবে আখ্যায়িত করেছে।

সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ আমিন চাইব বলেন, “এটি বিচ্ছিন্ন কোনো ভাঙচুরের ঘটনা কিংবা নিছক দুষ্টুমি নয়; বরং মুসলিমবিদ্বেষের একটি জঘন্য ও স্পষ্ট প্রকাশ।”

সংগঠনটি জানিয়েছে, তারাও এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করবে। পাশাপাশি দেশটির কর্তৃপক্ষের প্রতি মসজিদগুলোর নিরাপত্তা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন