শেরপুরের নকলায় নদীর পানিতে ডুবে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে লামিয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে ফিরেছেন নিহতের জমজ বোন সামিয়া আক্তার। শুক্রবার দুপুরে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
নিহত লামিয়া আক্তার চরমধুয়া গ্রামের সেলিম রেজার মেয়ে। সে চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে লামিয়া আক্তার ও তার জমজ বোন সামিয়া আক্তার বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদের শাখা মৃগী নদীতে গোসল করতে যায়। এ সময় তারা সিজদা (৮) নামে এক শিশুকে নদীর পানিতে ডুবে যেতে দেখে।
শিশুটিকে বাঁচাতে কোনো কিছু না ভেবেই দুই বোন নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ে। তারা চেষ্টা চালিয়ে একপর্যায়ে সিজদাকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে শিশুটিকে উদ্ধারের সময় লামিয়া নিজেই পানিতে ডুবে যায়। তার জমজ বোন সামিয়া এ সময় প্রাণে বেঁচে ফিরে আসে।
পরে স্থানীয় লোকজন নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর লামিয়াকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, নদীতে ডুবে কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

