বান্দরবান জেলার লামা উপজেলা থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ৪৫ খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা।
৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬, ১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ, ২য় অনূর্ধ্ব সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী এসব খেলোয়াড়কে স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। অনুষ্ঠানে থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান, সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, মহামুনি শিশু সদনের প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক কারাতে রেফারি সি মং, জাতীয় ক্রীড়াবিদ ও ২০১০ সালের স্বর্ণপদকপ্রাপ্ত কারাতে খেলোয়াড় জ উ প্রু মার্মা এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব চৌধুরী মুহাম্মদ সুজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি হয়। নতুন প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।
মহামুনি শিশু সদনের সহকারী পরিচালক ও প্রতিযোগিতার কোচ জ উ প্রু মার্মা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে নিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, প্রত্যন্ত পাহাড়ি এলাকার অনেক প্রতিভাবান খেলোয়াড় পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে নিজেদের প্রতিভা বিকশিত করতে পারেন না। এসব প্রতিভাকে উৎসাহিত করা এবং তাদের অর্জনের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে লামার ৪৫ খেলোয়াড় সাফল্য অর্জন করে উপজেলার সুনাম বয়ে আনছেন। তাদের এই অর্জন শুধু লামা উপজেলার নয়, পুরো বান্দরবান জেলার জন্যও গর্বের বিষয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

