সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলায় অগ্রগতি: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলায় অগ্রগতি: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নূরুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

বিজ্ঞাপন

নূরুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। খুন, ছিনতাই, অপহরণ বা অন্যান্য যেকোনো ধরনের অপরাধ দমন বাংলাদেশ পুলিশ তৎপরতা জোরদার করেছে। জুলাই বিপ্লব পরবর্তী ভঙ্গুর দশা থেকে পুলিশের মনোবল ফিরিয়ে এনে পূর্ণ শক্তিতে কাজ করার উপযোগী করা হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়নে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী জনগণের সার্বিক সহায়তায় দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশা করা যায়।

গাইবান্ধা-৫ আসনের মো. আব্দুল ওয়ারেছের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিডিআর বিদ্রোহ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ৬ হাজার ২৮৬ জনকে চাকরিচূত ও ২ হাজার ৫১০ জনকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দোষীদের শাস্তি প্রদান করা হয়েছে। কোনো নিরপরাধ বিডিআর সদস্যকে চাকুরিচ্যুত করা হয়নি বিধায় চাকুরিচ্যুতদের পুনর্বহালের সুযোগ নেই। হত্যা ও বিষ্ফোরক মামলার আসামীভুক্ত চাকুরিচ্যুত বিডিআর সদস্যদেরও পুনর্বহালের সুযোগ নেই বলে মন্ত্রী উল্লেখ করেন।

ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা শহরকে সিসিটিভি মনিটরিং সিস্টেমের আওতায় আনতে ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং ইন ডিএমপি’ শীর্ষক প্রকল্প এডিপির অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের প্রাথমিক ডিপিপির ওপর অনুষ্ঠিত বাছাই কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পটি ডিপিপি পুনর্গঠন চলমান আছে। প্রকল্পটি একনেকে অনুমোদিত হলে সমগ্র ঢাকা মেট্রোপলিটন এলাকায় সিসিটিভি মনিটরিং সিস্টেমের আওতায় আনার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।

সংরক্ষিত আসরের সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, বর্তমান সরকারের সময়ে (১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ আগস্ট ২০২৬) সারা দেশে ৬০ হাজার ৫৯৮টিটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৮ হাজার ৪০টি মামলা দায়ের করে ১৮ হাজার ৮৫৮ জন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।

রাজশাহী৪ আসনের আব্দুল বারী সরদারের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিআরটিএ’র তথ্য মতে দেশের বিভিন্ন মহাসড়কে ৮২৯টি ডাবল ডেকার বাসের বৈধ অনুমতি রয়েছে। কিন্তু পরবর্তীতে কিছু অসাধু বাসমালিক ডাবল ডেকার বাসের বডির ধরন পরিবর্তন করে ডাবল ডেকার (স্লিপার বাস) হিসেবে রূপান্তর করে মহাসড়কে চলাচল করছে বলে প্রতীয়মান হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে বেশ কিছু ডাবল ডেকারের (স্লিপার বাস) রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

সংরক্ষিত আসনের শামছুন্নাহার বেগমের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে প্রতি বছর গড়ে সাড়ে ৩ হাজারের বেশি পরিবার ও ১৫ হাজারের বেশি মানুষ নদী ভাঙনের কারণে বাস্তুচ্যুত হয়।

কিশোরগঞ্জ-২ আসনের মো. জালাল উদ্দীনের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্লনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধরী জানান, শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী দেশে মোট শ্রমশক্তি ৭১ দশমিক ৭১ মিলিয়ন জন। এর মধ্যে কর্মে নিয়োজিত ৬৯ দশমিক শূন্য ৯ মিলিয়ন এবং বেকার ২ দশমিক ৬২ মিলিয়ন; বেকারত্বের হার ৩.৬৬%। প্রতি বছর গড়ে ১৩ দশমিক ৬ লাখ জনগোষ্ঠী কর্মক্ষেত্রে প্রবেশ করছে বলে মন্ত্রী জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন