সংসদের চলতি অধিবেশন ৯ কার্যদিবস চলবে। বৃহস্পতিবার শুরু হওয়া এই অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর শেষ হবে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় স্পিকার পরিবর্তন করতে পারবেন।
সংসদ অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কমিটি সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করেন। বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, এবং বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর সংসদের বৈঠক হবে না বলে সিদ্ধান্ত হয়। প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন শুরু হবে।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ২৬৭৬টি প্রশ্নসহ মোট ২৮১৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৮১টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা (বিধি-১৩১) এ ২৪৯টি নোটিশ পাওয়া গেলে বলে বৈঠককে জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

