ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারা দেশে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আগামীকাল বুধবার (২৬ আগস্ট) এ উপলক্ষে ধর্মীয় এ অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ আগস্ট) র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র‍্যাবের নিয়মিত টহল জোরদার এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বুধবার বিভিন্ন অনুষ্ঠানস্থলে প্রয়োজন অনুযায়ী পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা হবে।

র‍্যাব বলছে, কোনো স্বার্থান্বেষী মহল, সন্দেহভাজন ব্যক্তি বা গোষ্ঠী যাতে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানকে কেন্দ্র করে হামলা, নাশকতা বা অপতৎপরতা চালাতে না পারে, সে জন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

পাশাপাশি উসকানিমূলক বা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সেদিকেও নজর রাখা হচ্ছে।

জরুরি পরিস্থিতি মোকাবেলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোশাল মিডিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি ছড়ানো হচ্ছে কি না তা শনাক্তে সাইবার পেট্রোলিংও জোরদার করা হয়েছে।

র‍্যাব দেশবাসীকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ঈদে মিলাদুন্নবী পালনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম চোখে পড়লে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, হিজরি সনের ১২ রবিউল আউয়াল মুসলমানদের মহানবী হযরত মুহাম্মদের (সা.) পৃথিবীতে আগমন ও তিরোধানের দিন। এ দিনটি মুসলিম বিশ্বে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন