ফিলিস্তিনে বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে ইসরাইলে বিক্ষোভ

ফিলিস্তিনে বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে ইসরাইলে বিক্ষোভ

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। বিক্ষোভ থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে ইসরাইলি পুলিশ। শনিবার কাপলান স্ট্রিটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বামপন্থি হাদাশ পার্টি ও তাদের মিত্র সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভকারীরা পশ্চিম তীরে ইসরাইলি সামরিক নিয়ন্ত্রণ ও ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার প্রতিবাদ জানান। ‘মাদারস অ্যাগেইনস্ট ভায়োলেন্স’ নামের সংগঠন জানায়, বিক্ষোভে ২০০ জনের বেশি মানুষ অংশ নেন এবং পুলিশ বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ করেছে।

বিজ্ঞাপন

ইসরাইলি পুলিশ অবশ্য দাবি করেছে, বিক্ষোভের অনুমতি ছিল না এবং অংশগ্রহণকারীরা জনশৃঙ্খলা বিঘ্নিত করে সড়ক অবরোধ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগের দিন নাবলুসের কাছে তাল শহরে বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে চার ফিলিস্তিনি ও দুই ইসরাইলি নিহত হন। স্থানীয় সূত্রের দাবি, বসতি স্থাপনকারীরা ওই এলাকায় প্রবেশ করে ফিলিস্তিনিদের বাড়িতে হামলার চেষ্টা চালালে বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

ঘটনার পর ইসরাইলি সরকার পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান চালানোর নির্দেশ দেয়। ইসরাইলি বাহিনী তাল শহরে অভিযান চালিয়ে প্রায় ৫০ জন ফিলিস্তিনিকে আটক করে এবং বহু বাড়িতে তল্লাশি চালায়। ফিলিস্তিনি বন্দি সংগঠন এ ঘটনাকে ‘সমষ্টিগত শাস্তি’ বলে আখ্যা দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলেন, তাল শহরের ঘটনার ভিডিও প্রকাশের ফলে ইসরাইলি সমাজে বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তার মতে, এ ঘটনা ইসরাইলের উদারপন্থি মহলের মধ্যে প্রতিবাদের মনোভাব জাগিয়ে তুলতে পারে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে একহাজার ১৮২ জন ফিলিস্তিনি নিহত, ১৩ হাজারের বেশি আহত ও প্রায় ২৪ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন