যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, আমরাও স্বপ্ন দেখি—১০ বছর কিংবা ২০ বছর পর বা কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে।
রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনও উপস্থিত ছিলেন।
এ সময় বিনা খরচে সরকারিভাবে বিশ্বকাপ সম্প্রচার করায় দেশবাসী ও ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
বাংলাদেশ কবে বিশ্বকাপ ফুটবল খেলবে—এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটি বাংলাদেশের ফুটবলের জন্য অনেক বড় একটি উৎসাহের জায়গা, উদ্দীপনার জায়গা। বাংলাদেশের মানুষ, ফুটবলপ্রেমী মানুষ যেভাবে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার ভক্ত, আমার দেশ কবে খেলবে? আমার বাংলাদেশকে কবে সমর্থন করবে? আমিও আপনার সঙ্গে একমত, আমিও সেই স্বপ্ন দেখি, সেই প্রত্যাশা করি।
তিনি বলেন, আমি কোনো তারিখ দেব না বা বলব না যে ১০ বছর পরে বা ১২ বছর পরে। আমি যখন খেলোয়াড় ছিলাম, তখন অনেক বিষয় নিয়ে কথা বলেছি। আমরাই বলেছি, আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমাদের এই সুযোগ-সুবিধা দরকার। এখন আমার নিজের কাঁধে যখন দায়িত্ব পড়েছে, তখন আমি সেই সমস্যাগুলোর সমাধানের জন্য কাজ শুরু করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দৃশ্যমান অনেক কিছু আসছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা যেহেতু শূন্য থেকে শুরু করেছি, আমাদের বাংলাদেশের এই ফুটবলপ্রেমী, ফুটবলপাগল এই দেশ আশা করি কোনো না কোনো সময় অবশ্যই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ জায়গায় পৌঁছাবে। সেই শুরুটা যেহেতু আমরা করতে পেরেছি, সেই শুরু থেকে আমি বলব—হয়তো ১০ বছর কিংবা তার চেয়ে বেশি অথবা ২০ বছর পর কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে—সেই স্বপ্ন আমিও আপনার মতো দেখি।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

