—মাওলানা জালালুদ্দীন আহমদ

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের নির্বাচনে ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের নির্বাচনে ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে

দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনকে কার্যকর কৌশল নির্ধারণ এবং পেশিশক্তি, ভয়ভীতি ও অবৈধ অর্থের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ‘তৃণমূল প্রার্থী বাছাই কমিটি’র সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনটির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও পেশিশক্তির দৌরাত্ম্যের কারণে স্থানীয় নির্বাচনে সৎ, যোগ্য ও সমাজবান্ধব মানুষ প্রার্থী হতে ভয় পান। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সৎ ও যোগ্য ব্যক্তিদের সাহস নিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের খপ্পরে স্থানীয় সরকারব্যবস্থা পড়ে গেছে। এ অবস্থা থেকে স্থানীয় সরকারকে উদ্ধার করতে না পারলে তৃণমূলের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনকে কার্যকর কৌশল নিতে হবে। একই সঙ্গে নির্বাচনে পেশিশক্তি, ভয়ভীতি এবং অবৈধ অর্থের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার হচ্ছে জনগণের সবচেয়ে কাছের সরকারব্যবস্থা। তাই এ পর্যায়ে সৎ, যোগ্য, আমানতদার ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি। জনগণের ভোটাধিকার এবং স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সভায় স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল পর্যায়ে সম্ভাব্য প্রার্থী বাছাই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততা যাচাই এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সাংগঠনিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য-সচিব মাওলানা হাসান জুনাইদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সাল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান এবং আইনবিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন প্রমুখ।

সভায় স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাই, নির্বাচনী প্রস্তুতি জোরদার এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত ও মতামত নিয়ে আলোচনা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন