ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাচাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ২৮ বছর বয়সী বৃষ্টি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির
মঙ্গলবার সকাল ৯টার দিকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কুসুম্বা গ্রামে নিজ বাড়ির প্রথম তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বৃষ্টি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। এছাড়া তার সঙ্গে স্বামীর সম্পর্কেও টানাপোড়েন চলছিল। দুজনই বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন বলে জানা গেছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টি গত কয়েক বছর ধরে বিষণ্নতায় ভুগছিলেন। এ জন্য তার চিকিৎসাও চলছিল। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে, ময়নাতদন্ত ও অন্যান্য প্রক্রিয়াগত তদন্তের পর মৃত্যুর পেছনের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


