এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উৎসাহ দিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে এ+ সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় রাজধানীর সবুজবাগের বাসাবো বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্বের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইমদাদুল হক মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, জনতার গণভোটের গণরায়কে মেনে জুলাই সনদ পরিপূর্ণভাবে—দাঁড়ি, কমা ও সেমিকোলনসহ—বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, গুমসংক্রান্ত নীতিমালা বাতিল করে বর্তমান সরকার গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের পুরস্কৃত করার চেষ্টায় নিয়োজিত রয়েছে। অবিলম্বে অন্তর্বর্তী সরকারের প্রণীত গুমসংক্রান্ত নীতিমালাকে আইনে বাস্তবায়ন এবং গুম-খুনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, নিজেদের ক্যারিয়ারকে আগামী দিনে জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। শুধু মেধাবী হলেই হবে না, ব্যক্তিজীবনে সৎ হতে হবে। দেশপ্রেমকে ধারণ করে আগামী বাংলাদেশকে ইনসাফের বাংলাদেশে পরিণত করতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।
প্রধান আলোচকের বক্তব্যে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। জুলাই আন্দোলনে ছাত্রসমাজ রাস্তায় নেমে বুকের তাজা রক্ত দিয়ে একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিল, তা এখনো যথাযথভাবে বাস্তবায়িত হয়নি।
তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষ ও গুণগত মানসম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা মহানগর পূর্ব ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কৃতি শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


