বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী আয়োজন করতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা’। এই প্রতিযোগিতা শুরু হবে উপজেলা পর্যায় থেকে। উপজেলায় বিজয়ী প্রতিযোগী জেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বিজয়ী বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগী জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।
মোট ৩টি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে:
‘ক’ গ্রুপ: তাজবীদসহ ১০ পারা হিফয (অনূর্ধ্ব ১২ বছর)
‘খ’ গ্রুপ: তাজবীদসহ ২০ পারা হিফয (অনূর্ধ্ব ১৫ বছর)
‘গ’ গ্রুপ: তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফয (অনূর্ধ্ব ১৮ বছর)
এ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের প্রথম পুরস্কার ২ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ১.৫ লাখ টাকা এবং তৃতীয় পুরস্কার ১ লাখ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।
জাতীয় পর্যায়ে ৩টি গ্রুপে মোট ৯ জন বিজয়ীকে ১৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়েও রয়েছে বিভিন্ন পুরস্কার। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগীদের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সাদা কাগজে আবেদনপত্র ইসলামিক ফাউন্ডেশনের নিজ নিজ জেলা বা উপজেলা কার্যালয়ে জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে।
পুরো নভেম্বর মাস নাম নিবন্ধন করা যাবে। ১ ডিসেম্বর থেকে শুরু হবে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা। আগামী এপ্রিল মাসে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক পাঁচজন প্রতিযোগী অংশ নিতে পারবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


