আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসলামে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ

শারমিন নাহার ঝর্ণা

ইসলামে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ

ইসলাম ভ্রাতৃত্ব ও সম্প্রীতির ধর্ম। ইসলামের বাণী সমগ্র মানবতার জন্য, ইসলামে সব মানুষ সমান। বিদায় হজের ভাষণে বিশ্বমানবের জন্য ভ্রাতৃত্বের এক সুস্পষ্ট রূপরেখা উঠেছে। ঐতিহাসিক ভাষণে মহানবী (সা.) বিশ্ববাসীর উদ্দেশে যে ঘোষণা দিয়ে গেছেন, তা কবির ভাষায় এভাবে ফুটে উঠেছে-

বিজ্ঞাপন

শুধু আনসার মুহাজেরিনের নহে আজি সমাবেশ,

মহামানবের মহা-আহ্বানে মিলেছে সকল দেশ।

চরণে দলিনু অন্ধ যুগের বংশ অহংকার,

ভাই ভাই মিলি মুসলিম হতো এক মহাপরিবার।

নাই ভেদাভেদ আজমী আরবি সবি-এক আদমের সন্তান।

ধুলায় রচিত আদম তনয় গর্ব কীসের তার?

পবিত্র কোরআনের সুরা হুজুরাতের দশম আয়াতে আল্লাহতায়ালা বলেন, ‘মুমিনরা তো পরস্পর ভাই ভাই। অতএব তোমাদের ভাইদের পারস্পরিক সম্পর্ক যথাযথভাবে ঠিক করে নাও। আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আশা করা যায় যে তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে।’ এ আয়াতে আল্লাহ মুসলমানদের পরস্পর ভাই বলে আখ্যায়িত করেছেন। এতে মানবীয় ভ্রাতৃত্বের সঙ্গে দ্বীনি ভ্রাতৃত্বও বর্তমান। পরস্পরের মধ্যে গভীর একাত্মতা থাকা একান্ত বাঞ্ছনীয়। ইসলাম একটি সুবিশাল গাছের মতো, যার শিকড় প্রোথিত অনেক গভীরে। যার শাখা-প্রশাখা অসীম আকাশের মতো সুবিন্যস্ত ও সম্প্রসারিত । সবুজ পাতাপল্লবে সে গাছ সুশোভিত। সেই গাছের ফুলের সুবাসে চারদিক মুখরিত।

আদম সন্তান একে অন্যের ভাই। ইসলামের দৃষ্টিতে মানুষ হিসেবে সবাই সমান। ইসলামে উঁচু-নিচু, সাদা-কালো ধনী-দরিদ্রের কোনো ভেদাভেদ নেই। মুসলমানদের পরস্পর প্রেম-ভালোবাসা সম্প্রীতি সম্পর্ককে আল্লাহপাক তার শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে গণ্য করেছেন। পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াতে আল্লাহতায়ালা বলেনÑ ‘আর তোমরা সবাই আল্লাহর রশ্মি দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তোমরা ছিলে পরস্পর শত্রু, অতঃপর তিনি তোমাদের হৃদয়ের সম্প্রীতির সঞ্চার করেন। ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। তোমরা তো অগ্নিগর্তের দ্বারপ্রান্তে ছিলে। তিনি তোমাদের তা থেকে রক্ষা করেছেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার দিকনির্দেশনাগুলো স্পষ্টভাবে বিবৃত করেন, যাতে তোমরা হেদায়েত পেতে পারো।’

আমাদের প্রিয়নবী (সা.) মুসলিম সম্প্রদায়কে মানবদেহের সঙ্গে সম্পৃক্ত করেছেন। পৃথিবীর সব প্রান্তের মুসলমান একটি দেহের মতো। মানবদেহের একটি অংশ কোনো কারণে কষ্ট পেলে শরীরের সব অঙ্গ কষ্ট ও অস্থিরতা অনুভব করে, ঠিক তেমনি মুসলিম উম্মাহর কোনো জনপদ বা সদস্য পৃথিবীর কোথাও আক্রান্ত হলে সেই কষ্ট সবাই অনুভব করে। আজ গাজায় যে ইতিহাসের নিকৃষ্টতম বর্বরতা চালাচ্ছে জায়নবাদী ইহুদিরা, তাতে পৃথিবীর সব বিবেকবান মানুষ এবং সবিশেষ সব মুসলিম গভীর বেদনা অনুভব করছে। কিন্তু দুঃখজনকভাবে মুসলিম নেতারা কার্যকর ব্যবস্থা নিতে পারছেন না।

পরিতাপের বিষয় হলো, আজকাল চারপাশে মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ তেমন দেখা যায় না। চারদিকে হানাহানি, রক্তারক্তি, রেষারেষি, হিংসা-বিদ্বেষে ভরপুর। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মায়া-মহব্বত যদি থাকতে, তাহলে পৃথিবী কতই না সুন্দর হতো। চারদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। মানুষ ভুলে গেছে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি।

ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, যেখানে শুধুই শান্তি, ইসলামি নিয়মে জীবন গঠন করলে আমরা একে অন্যের প্রতি সহানুভূতি ও মানবতাশীল হয়ে উঠতে পারি। ইসলাম সবসময় মানুষের প্রতি দয়া-সহানুভূতির শিক্ষা দেয়। ইসলামি জ্ঞানের আলো যাদের মধ্যে আছে, তারা কখনোই রেষারেষি, হানাহানি, হিংসা-বিদ্বেষ, অরাজকতার মধ্যে জড়ায় না। আমাদের পরস্পরে কোনো শত্রুতা হিংসা-বিদ্বেষ নয়; বরং অকৃত্রিম ভালোবাসা ও দয়া সহানুভূতি বজায় রাখতে হবে। মহানবী (সা.) বলেন, ‘তোমরা পরস্পরে হিংসা-বিদ্বেষে লিপ্ত হবে না, কেউ কারোর পেছনে পড়ে যাবে না, কেউ কারোর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে না। পারস্পরিক ক্রোধের প্রশ্রয় দেবে না; বরং পরস্পর আল্লাহর বান্দা ও ভাই ভাই হয়ে থাকবে।’

মহানবী (সা.) বলেন, ‘মুসলমানরা ভাই ভাই। সে তার ওপর জুলুম করবে না, তার সঙ্গ ত্যাগ করবে না, তাকে লাঞ্ছিত করবে না। এক ব্যক্তির জন্য এটি অন্যায় যে, সে তার ওপর ভাইকে হীন জ্ঞান করবে।’ অন্য হাদিসে মহানবী (সা.) বলেন, ‘মুমিন একজন অন্যজনের জন্য একটি প্রাচীরের ইটস্বরূপ হয়ে থাকে। এতে একটি ইট অন্যটির সাহায্যে শক্তি লাভ করে।’ (বুখারি)

বিশ্বের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির অভাবে অশান্তির অগ্নিশিখা জ্বলছে। বর্তমানে পৃথিবীতে যত নিষ্ঠুর ও নৃশংস নরহত্যা এবং মানবতার অবমাননা সংঘটিত হচ্ছে, ভ্রাতৃত্ববোধ আর মানবপ্রেমের অভাবই তার মূল কারণ। আমাদের সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে পৃথিবীতে গড়তে হবে নতুনভাবে সুশৃঙ্খলভাবে। আমরা একে অন্যের হাসি-কান্না ভাগাভাগি করে নেব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন