আগামীকাল বৃহস্পতিবার হজ ফ্লাইট শেষ হবে। মঙ্গলবার পর্যন্ত মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি হজ যাত্রীর সংখ্যা ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ যাত্রীর সংখ্যা ৭৩ হাজার ৯৩৫ জন।
বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত ১৭৯টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।
হজ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত স্বাভাবিক কারণে ১৮জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন মদিনায় এবং মক্কায় ১৩ জন মারা গেছেন।
এতে আরো বলা হয়, সৌদি মেডিকেল টিম মঙ্গলবার পর্যন্ত ৩৪ হাজার ৩৭০ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে, আর আইটি হেল্পডেস্ক ১৭ হাজার ৯৮৮ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা প্রদান করেছে।
এয়ারলাইন্সভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৭টি ফ্লাইটে ৩৪ হাজার ৪৪২ জন, সৌদি এয়ারলাইন্সের ৬১টি ফ্লাইটে ২৩ হাজার ১০০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে, অবশিষ্ট ১০ হাজার ১২৬ জন হজযাত্রী নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধীরে ধীরে যাত্রা করবেন।
ঢাকায় সৌদি দূতাবাস এ পর্যন্ত মোট ৭৮ হাজার ৩৮৭টি ভিসা ইস্যু করেছে, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২২টি।
সৌদি আরবে গতকাল সোমবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে ১০ জিলহজ ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের আগের দিন ২৬ মে পবিত্র হজ পালিত হবে।
ফিরতি হজ ফ্লাইট আগামী ৩০ মে জেদ্দা থেকে শুরু হবে। শেষ ফিরতি হজ ফ্লাইট আগামী ৩০ জুন নির্ধারিত রয়েছে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

