এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে আসে আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর। পুরো রমজানে রোজা, নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা এবং আত্মসংযমের মধ্য দিয়ে একজন মুমিন তার জীবনকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেন। রমজান যেন আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের এক মহৎ প্রশিক্ষণ। কিন্তু প্রশ্ন হলো—এই এক মাসের শিক্ষা কি ঈদের পরও আমাদের জীবনে টিকে থাকে?
রমজানের মূল শিক্ষা হলো তাকওয়া বা আল্লাহভীতি অর্জন। রোজার মাধ্যমে মানুষ নিজের ইচ্ছা ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শেখে। সারাদিন ক্ষুধা-তৃষ্ণা সহ্য করে একজন মানুষ উপলব্ধি করেন ধৈর্যের মূল্য এবং দরিদ্র মানুষের কষ্ট। ফলে তার ভেতরে জন্ম নেয় সহমর্মিতা ও মানবিকতার অনুভূতি।
রমজানে মসজিদগুলোয় দেখা যায় এক ভিন্ন দৃশ্য। নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি অনেক মানুষ তারাবিহ, তাহাজ্জুদ ও কোরআন তিলাওয়াতে অধিক মনোযোগী হয়ে ওঠেন। দান-সদকা ও জাকাত দেওয়ার ক্ষেত্রেও মানুষের আগ্রহ বেড়ে যায়। পরিবার ও সমাজজীবনেও এক ধরনের আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো—ঈদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অনেক ক্ষেত্রে এই পরিবর্তনের ধারাবাহিকতা হারিয়ে যায়। মসজিদে মুসল্লিদের উপস্থিতি কমে যায়, কোরআন তিলাওয়াতের অভ্যাস অনেকেরই কমে যায় আর দান-সদকার প্রবণতাও আগের মতো থাকে না। যেন রমজানের সেই আধ্যাত্মিক পরিবেশ ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে।
আসলে রমজান কোনো বিচ্ছিন্ন সময় নয়; এটি আমাদের সারা জীবনের জন্য একটি প্রশিক্ষণকাল। এই মাসে আমরা যে সংযম, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের চর্চা করি, তা যদি বছরের বাকি সময়েও ধরে রাখতে পারি, তবেই রমজানের প্রকৃত উদ্দেশ্য পূরণ হবে।
রমজান আমাদের শিখিয়েছে—অপচয় থেকে বিরত থাকতে, মিথ্যা ও অন্যায় থেকে দূরে থাকতে, মানুষের প্রতি সহানুভূতিশীল হতে এবং আল্লাহর স্মরণে জীবনকে আলোকিত করতে। যদি ঈদের পর আবার আমরা আগের মতো অসততা, অন্যায় বা উদাসীনতার পথে ফিরে যাই, তবে রমজানের সেই সাধনার মূল্য অনেকটাই হারিয়ে যায়।
তাই একজন সচেতন মুমিনের উচিত ঈদের পরও রমজানের শিক্ষাজীবনে ধরে রাখার চেষ্টা করা। নিয়মিত নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, দান-সদকা, সত্যবাদিতা ও নৈতিক জীবনযাপন—এসব গুণ যেন শুধু রমজানের মধ্যেই সীমাবদ্ধ না থাকে।
সমাজজীবনেও এই শিক্ষার প্রভাব থাকা দরকার। যদি রমজানের শিক্ষা সত্যিকার অর্থে আমাদের চরিত্রে প্রতিফলিত হয়, তবে সমাজে সততা, ন্যায়বিচার ও মানবিকতার চর্চা বাড়বে। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহনশীলতা আমাদের সামাজিক সম্পর্ককে আরো মজবুত করবে।
ঈদ মূলত আনন্দের উৎসব, কিন্তু সেই আনন্দের প্রকৃত তাৎপর্য তখনই পূর্ণতা পায়, যখন রমজানের আধ্যাত্মিক শিক্ষা আমাদের জীবনে স্থায়ী প্রভাব ফেলে। তাই ঈদের পর আমাদের নিজেদের কাছে একটি প্রশ্ন রাখা উচিত—রমজান কি শুধু একটি মাসের ইবাদত, নাকি এটি আমাদের পুরো জীবনের জন্য একটি পথনির্দেশনা?
যদি আমরা রমজানের শিক্ষা হৃদয়ে ধারণ করে বছরের বাকি সময়েও তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, তবে ঈদের আনন্দ শুধু এক দিনের উৎসব হয়ে থাকবে না; বরং তা হয়ে উঠবে একটি নতুন ও সুন্দর জীবনের সূচনা।
লেখক : মুহাদ্দিস, দারুল উলুম বাগে জান্নাত, নারায়ণগঞ্জ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

