বাজার দরে ওয়াক্‌ফ সম্পত্তির ভাড়া পুনর্নির্ধারণ হবে

স্টাফ রিপোর্টার

বাজার দরে ওয়াক্‌ফ সম্পত্তির ভাড়া পুনর্নির্ধারণ হবে

অনিয়ম-দুর্নীতির কারণে সারা দেশে ৬ লাখ ১৪ হাজার একরের মতো ওয়াক্‌ফ সম্পত্তি বেহাল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে ওয়াক্‌ফ সম্পত্তি থেকে নামমাত্র ভাড়া আদায় করা হচ্ছে। বাজার দর অনুযায়ী ওয়াক্‌ফ সম্পত্তির ভাড়া পুনর্নির্ধারণ হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

ধর্মমন্ত্রী বলেন, ওয়াকফে আওলাদে আছে ২ লাখ ১২ হাজার ৯৯ একর এবং ওয়াকফে লিল্লাতে আছে ৩ লাখ ৭৭ হাজার ১২০ একর জমি। সম্পদ ওয়াকফের টোটাল সম্পত্তি হলো ৬ লাখ ১৪ হাজার একরের মতো। আসলে এত বড় বিশাল স্টেটের আমাদের এই সম্পত্তিগুলি অধিকাংশই এখন বেহাল অবস্থায় আছে প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি ও অদক্ষতার কারণে।

তিনি বলেন, গত ১৭ বছর যেভাবে তারা চালিয়েছে, তাদের কারণে আজকের এই ওয়াকফের অবস্থা খুব শোচনীয়। এজন্য প্রধানমন্ত্রী চাচ্ছেন ওয়াকিফরা (দানকারী) যে উদ্দেশে ওয়াক্‌ফ করে গেছে উনাদের উদ্দেশটা যেন সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়িত হয়। যাতে এখানে চুরি, দুর্নীতি বা কোনো অন্যায় থাকবে না। প্রধানমন্ত্রীর এ উদ্দেশ পূরণে যা যা করার আমরা করবো। ওয়াকফে আওলাদ হলো মনে করেন আপনার একটা সম্পত্তি আছে, আপনি এটাকে ওয়াক্‌ফ করে ফেললেন। তার মানে এটা কেউ বিক্রি করতে পারবে না, এই সম্পত্তিটা এভাবে থাকবে; কিন্তু এটার ইনকামটা বংশধররা পাবে। আর ওয়াকফে লিল্লাতে শর্ত থাকে যে ইনকামটা পুরোপুরি আল্লাহর রাস্তায় বা জনকল্যাণে ব্যয় হবে। আবার অনেক সময় শর্ত থাকে যে নির্দিষ্ট শতাংশ আওলাদ পাবে এবং বাকিটা লিল্লাহর জন্য যাবে বলেও জানান মন্ত্রী।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন