আগের সাত ওয়ানডেতে হারের দুঃস্মৃতি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেছিল ইংল্যান্ড। তাই মাঠে নামার আগে শঙ্কা কিছুটা ছিলই তাদের সামনে। সে শঙ্কা দূর করে দাপুটে প্রত্যাবর্তন হয়েছে ইংলিশদের। ক্যারিবিয়ানদের ২৩৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। জয়কে পাশ কাটিয়ে এই ম্যাচে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে দলটি।
এজবাস্টনে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ৪০০ রান জড়ো করে ইংল্যান্ড। জবাবে ১৬২ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডেতে রানের হিসেবে এটা ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ বড় জয়। এর আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪২ রানে জিতেছিল তারা। ৪০০ রান করার পথে সেঞ্চুরি পায়নি ইংলিশদের কোনো ব্যাটার। তাতেই হয়েছে বিরল এক রেকর্ড। চার হাজার ৮৮০ ওয়ানডের ইতিহাসে এবারই প্রথম এমন ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব।
বিশাল সংগ্রহ গড়ার পথে ইংল্যান্ডের হয়ে প্রথম সাত ব্যাটার ৩০ বা তার বেশি রান করেছেন। ফিফটি এসেছে চারটি। সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন জ্যাকব বেথেল। ব্যক্তিগত শতক ছাড়া এর আগে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার দখলে। ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে ৩৯২ রান করেছিল তারা। ওয়ানডে ইতিহাসে এ নিয়ে ২৮ বার ৪০০ বা তার বেশি রান হলো। এর মধ্যে ছয়বারই করেছে ইংল্যান্ডই।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচ দিয়েই সাদা বলের ক্রিকেটে পূর্ণ মেয়াদে অধিনায়ক হলেন হ্যারি ব্রুক। এমন দিনে দারুণ একটি রেকর্ডের মালিক হয়েছেন এই ব্যাটার। ম্যাচে পাঁচটি ক্যাচ নিয়েছেন তিনি। যা ওয়ানডে ইতিহাসে আউটফিল্ড ফিল্ডার হিসেবে যৌথভাবে সর্বোচ্চ। এতোদিন এককভাবে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন জন্টি রোডস। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটি ক্যাচ নিয়েছিলেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

