নিয়ম বদলে যাচ্ছে দ্য হান্ড্রেডে। প্লেয়ার্স ড্রাফট থেকে আর খেলোয়াড় বাছাই করা হবে না। তার বদলে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে খেলোয়াড় কেনা হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে। ইংল্যান্ডের ১০০ বলের এই টুর্নামেন্টের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। কিন্তু ক্রিকেটারদের নিলামের চূড়ান্ত তালিকায় নাম রয়েছে শুধু দুজনের। বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাংলাদেশের দুই ফেরিওয়ালা মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম রয়েছে নিলামের সংক্ষিপ্ত তালিকায়। রিশাদকে রাখা হয়েছে ‘টায়ার-১ স্পিন’ ক্রিকেটারের তালিকায়। আর ‘লং-লিস্টে’ আছেন মোস্তাফিজ।
নিলামে সর্বোচ্চ রিজার্ভ প্রাইস এক লাখ পাউন্ডের ক্যাটাগরিতে রয়েছেন মোস্তাফিজ। রিশাদ হোসেন দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ডের তালিকায় নাম লিখেছেন। বাংলাদেশের অন্য ক্রিকেটাররা ছিলেন ৩১ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে। তবে ফিজ-রিশাদ বাদে বাকিদের কেউ নিলামের জন্য চূড়ান্ত তালিকায় জায়গা পাননি। এর আগে হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজিগুলো ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড়দের দলে নেওয়া হতো। আসন্ন ষষ্ঠ আসরের আগে প্রথমবারের মতো তারা নিলামের আয়োজন করতে যাচ্ছে।
আগামী ১২ মার্চ ‘দ্য হান্ড্রেড’-এর নিলাম বসবে লন্ডনে। গত সপ্তাহে নাম নিবন্ধন করেছিলেন ৭১২ জন পুরুষ ক্রিকেটার। তাদের মধ্য থেকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ২৪৭ জনকে। এবারের নিলামে প্রথমবারের মতো থাকছে যুক্তরাষ্ট্রের ১০ জন খেলোয়াড়।
ইংল্যান্ডের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবার পাকিস্তানের ক্রিকেটারদের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। আইপিএল মালিকানার সঙ্গে যুক্ত চারটি ফ্র্যাঞ্চাইজি রাজনৈতিক কারণে তাদের কিনতে বিড নাও করতে বলে খবর বেরিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

