আনচেলত্তি নয়, দেশি কোচেই বাজি কাফুর

আনচেলত্তি নয়, দেশি কোচেই বাজি কাফুর

ব্রাজিলের সম্ভাব্য পরবর্তী কোচ কার্লো আনচেলত্তি- ফুটবলপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এমন কথা। প্রতিবেদনে বিভিন্ন গণমাধ্যমও জানিয়েছে, আগামী জুনেই নেইমার, রদ্রিগোর ক্লাসের প্রধান শিক্ষক হচ্ছেন আনচেলত্তি। যদিও ইতালিয়ান মাস্টারমাইন্ড নয়, দেশি কোচেই সেরা সমাধান দেখছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কাফু।

সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। ২০০২ সালের পর আর বিশ্বকাপের সোনালি ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি ল্যাটিন আমেরিকার শীর্ষ দলটি। নিজেদের বাজে সময় কাটিয়ে ষষ্ঠ শিরোপার অপেক্ষা ফুরানোর জন্য গত দুবছর ধরেই আনচেলত্তিকে ডাগআউটে বসানোর চেষ্টা চালিয়ে আসছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বিষয়টি নিয়ে সিবিএফের সঙ্গে মতের মিল খুঁজে পাচ্ছেন না কাফু।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শেষ পর্যন্ত আনচেলত্তি কোচ হয়ে এলে তাকে স্বাগত জানাব। কিন্তু ভুলে গেলে চলবে না যে, আমরা বিদেশি কোচ ছাড়াই পাঁচবার শিরোপা জিতেছি। প্রতিবারই আমাদের ডাগআউটে দেশি কোচ ছিলেন। বিদেশি কোচকেই জাতীয় দলের দায়িত্ব নিতে হবে বিষয়টা তো আর এমন নয়।’

সাবেক তারকা ফুটবলার আরো বলেন, ‘২০৩০ বিশ্বকাপেও আমি ব্রাজিলিয়ান কোচকে নিয়েই বাজি ধরব। কারণ টুর্নামেন্টটি শুরু হতে আরো লম্বা সময় বাকি আছে। তাই আমি একজন দেশি কোচকে বিশ্বকাপ জয়ের জন্য দল গঠন এবং পরিকল্পনা তৈরি করার সুযোগ দিতে চাই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন