ডিপিএলে মাঠে গড়ানোর দিনে বিকেএসপির চার নম্বর মাঠে টেকনিক্যাল ত্রুটির কারণে থার্ড আম্পায়ার রাখা হয়নি। ম্যাচ শুরুর আগেই বিষয়টি দুই দল ও ম্যাচ অফিশিয়ালদের জানিয়ে দেয় সিসিডিএম। তবু ম্যাচে প্রাইম ব্যাংকের ইনিংসের তৃতীয় ওভারে ইরফান শুক্কুরের আউট নিয়ে তৈরি হয় বিতর্ক। এই ঘটনায় প্রাইম ব্যাংকের অধিনায়ক ইরফান শুক্কুর ও কোচ তালহা জুবায়েরকে দেড় লাখ টাকা জরিমানা করেন ম্যাচ রেফারি। এই জরিমানা মওকুফের জন্য ইতোমধ্যে সিসিডিএমকে চিঠি দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। পাশাপাশি সিসিডিএম থেকে আম্পায়ার ইশতিয়াক আহমেদকে নিষিদ্ধের সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূলত ম্যাচের তৃতীয় ওভারের পঞ্চম বলে ইরফান শুক্কুরের রানআউট নিয়ে তৈরি হয় বিতর্ক। আম্পায়ার ইশতিয়াক আহমেদ নাদিম থার্ড আম্পায়ারের কাছে সিদ্ধান্ত পাঠান। পরে থার্ড আম্পায়ার নেই জানার পর সরাসরি আউট ঘোষণা করেন নাদিম। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ম্যাচ না খেলার হুমকি দিয়ে খেলোয়াড়দের তুলে নিতে চান প্রাইম ব্যাংকের কোচ তালহা জুবায়ের। পরে ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার ও ফিল্ড আম্পায়ারদের সঙ্গে তালহা জুবায়ের, ইরফান শুক্কুর ও প্রাইম ব্যাংকের ম্যাচ অফিশিয়ালরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে খেলা শুরু হয়।
এই ম্যাচে ৩ উইকেটের জয় পাওয়া প্রাইম ব্যাংক মাঠে ঝামেলার তৈরি করায় অধিনায়ক ও কোচকে জরিমানা করেন ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার। ওই ঘটনায় গতকাল জরিমানা মওকুফের আবেদন করে প্রাইম ব্যাংক। বিষয়টি ডিপিএল টেকনিক্যাল কমিটির কাছে পাঠিয়েছে সিসিডিএম। তবে জরিমানার বিষয়টি মওকুফ হবে না বলে জানিয়েছেন সিসিডিএমের এক কর্মকর্তা। আর্থিক জরিমানার পাশাপাশি অধিনায়ক ইরফান শুক্কুরকে ৩ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। তার নামের পাশে মোট ৪ ডিমেরিট পয়েন্ট হওয়ায় ডিপিএলে দুই ম্যাচে নিষিদ্ধ থাকবেন শুক্কুর।
এর পাশাপাশি থার্ড আম্পায়ার নেই সেটা জানার পরও টিভি আম্পায়ার কল করায় আম্পায়ার ইশতিয়াক আহমেদ নাদিমকে আপাতত ফিল্ড আম্পায়ারিং থেকে নিষিদ্ধের সুপারিশ করতে পারে সিসিডিএম। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন সিসিডিএমের এক কর্মকর্তা। তবে কত ম্যাচের জন্য ফিল্ড আম্পায়ারিং থেকে নিষিদ্ধ করা হবে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্তত পক্ষে পাঁচ ম্যাচে ফিল্ড আম্পায়ারিং থেকে নিষিদ্ধ হতে পারেন নাদিম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

