ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

দীর্ঘদিন পর আবারও আর্জেন্টিনার মাটিতে পা রাখতে যাচ্ছেন লিওনেল মেসি। উপলক্ষটা অবশ্য জাতীয় দলের কোনো ম্যাচ নয়, বরং দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থ কার্লোস তেভেজের বিদায়ী আয়োজন। আগামী ২০ ডিসেম্বর বুয়েনস আইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া সেই ম্যাচে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের জন্য খবরটি নিঃসন্দেহে বিশেষ কিছু। কারণ, দেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ালেও ক্লাব ফুটবলের জার্সিতে মেসিকে আবারও নিজ দেশের মাঠে দেখার সুযোগ তৈরি হয়েছে। তেভেজের বিদায়ী ম্যাচে তার উপস্থিতি আয়োজনটিকে দিয়েছে বাড়তি মাত্রা।

ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের সাবেক তারকা তেভেজ ২০২১ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। তবে ক্যারিয়ারের আনুষ্ঠানিক সম্মাননা ও বিদায়ী আয়োজন এত দিন হয়ে ওঠেনি। এবার বোকা জুনিয়র্সের ঘরের মাঠেই সেই অপূর্ণতা পূরণ হতে যাচ্ছে।

মেসি ও তেভেজের বন্ধুত্ব অবশ্য নতুন নয়। জাতীয় দলে একসঙ্গে খেলেছেন দীর্ঘ সময়। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও আর্জেন্টিনার আক্রমণভাগে ছিলেন দুজন। সেই পুরোনো সতীর্থকে বিদায় জানাতে মেসির মাঠে নামার খবর তাই আর্জেন্টাইন সমর্থকদের জন্য বাড়তি আবেগের।

তবে এই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু তেভেজ নিজেই। বোকা জুনিয়র্সের হয়ে বিভিন্ন মেয়াদে খেলেছেন তিনি। ক্লাবটির হয়ে জিতেছেন কোপা লিবার্তাদোরেসসহ একাধিক শিরোপা। বোকা সমর্থকদের কাছে তিনি কেবল একজন সাবেক ফুটবলার নন, ক্লাবটির লড়াকু মানসিকতা ও আবেগের প্রতীকও।

'এল অ্যাপাচে' নামে পরিচিত তেভেজের আনুষ্ঠানিক বিদায়কে স্মরণীয় করে তুলতে মেসির পাশাপাশি আরও অনেক তারকা ফুটবলারকে নিয়ে আয়োজনের প্রস্তুতি চলছে। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, কোচিংয়ে নাম লেখানোর পর এই ম্যাচের মধ্য দিয়েই নিজের বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি টানবেন তেভেজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...