কমনওয়েলথ গেমসের মঞ্চে এক নতুন ইতিহাস লিখলেন শ্রীলঙ্কান অ্যাথলেট রুমেশ থারাঙ্গা পাতিরাগে। গ্লাসগোর স্কটসটাউন স্টেডিয়ামে জ্যাভলিন থ্রো বা বর্শা নিক্ষেপে শ্রীলঙ্কার প্রথম অ্যাথলেট হিসেবে স্বর্ণপদক জয়ের অনন্য গৌরব অর্জন করলেন ২৩ বছর বয়সি এই তরুণ।
প্রতিযোগিতার ফাইনালে ৮৯.৭৫ মিটার দূরত্বে থ্রো করে স্বর্ণ নিজের করে নেন রুমেশ। ২০১৮ কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক বিজয়ী ভারতের নীরজ চোপড়াকে পেছনে ফেলে বাজিমাত করেন তিনি। ফাইনালে নীরজের সেরা থ্রোটি ছিল ৮৫.৮৩ মিটারের।
ফাইনালে শুরুটা আশানুরূপ হয়নি রুমেশের; তার প্রথম থ্রোটি ফাউল হয়। অন্যদিকে ভারতের নীরজ চোপড়া প্রথম থ্রোয়ে ৮০.৯৭ মিটার এবং দ্বিতীয় থ্রোয়ে ৮৫.৮৩ মিটার দূরত্ব অতিক্রম করে স্বর্ণের শক্ত দাবিদার হয়ে ওঠেন। তবে নিজের দ্বিতীয় থ্রোতেই সবাইকে চমকে দেন রুমেশ। ৮৯.৭৫ মিটারের চোখ ধাঁধানো এক থ্রো করে শীর্ষস্থান দখল করেন তিনি।
পরে চারটি থ্রোয়ে চেষ্টা করেও নীরজ আর রুমেশকে টপকাতে পারেননি। এদিকে প্রথম বড় থ্রোতেই স্বর্ণ জয়ের প্রবল সম্ভাবনা তৈরি হওয়ায় কৌশলগত কারণে রুমেশ নিজের বাকি চারটি থ্রো ইচ্ছাকৃতভাবে ফাউল করেন। শেষ পর্যন্ত রুমেশের ৮৯.৭৫ মিটারের থ্রোটিই তাকে এনে দেয় আরাধ্য সোনার পদক।
রুমেশের এই স্বর্ণ জয়ের মধ্য দিয়ে শ্রীলঙ্কার ক্রীড়া ইতিহাসে দীর্ঘদিনের একটি খরা কাটল। দীর্ঘ ২০ বছর পর শ্রীলঙ্কা সোনা জিতল। এর আগে ২০০৬ সালে ভারোত্তোলনে শ্রীলঙ্কাকে স্বর্ণ এনে দিয়েছিলেন চিন্থানা গীথাল ভিদানাগে। অ্যাথলেটিকসের ইতিহাসে এটি শ্রীলঙ্কার দীর্ঘ ৭৬ বছর পর প্রথম কমনওয়েলথ স্বর্ণপদক।
স্বর্ণপদকজয়ী এই অ্যাথলেটের ক্রীড়াঙ্গনে পথচলা কিন্তু অ্যাথলেটিকস দিয়ে শুরু হয়নি। তিনি ছিলেন শ্রীলঙ্কার সম্ভাবনাময় একজন তরুণ ফাস্ট বোলার। অনূর্ধ্ব-১৮ পর্যায়ে ঘণ্টায় ১৩৪ কিলোমিটার গতিতে বোলিং করে বেশ নজর কেড়েছিলেন রুমেশ। সে সময় তারচেয়ে কিছুটা বেশি গতিতে বল করা সতীর্থ ঈশান মালিঙ্গা বর্তমানে শ্রীলঙ্কার জাতীয় দল ও আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রতিনিধিত্ব করছেন।
ক্রিকেট মাঠে পেশাদার ক্যারিয়ার না গড়লেও শৈশবের প্রিয় খেলাকে একদম ভুলে যাননি রুমেশ। স্বর্ণ জয়ের পর অলিম্পিক ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সময় পেলেই ক্রিকেট খেলি। যখনই বাড়িতে আসি, বন্ধুদের সঙ্গে টেনিস বলে খেলায় মেতে উঠি। এটা আমাকে মানসিক শান্তি দেয় এবং পেশাদার জ্যাভলিন থ্রোর চাপ থেকে মনকে মুক্ত রাখতে সাহায্য করে।’
২২ গজ থেকে উঠে এসে জ্যাভলিনের মঞ্চ কাঁপানো রুমেশ থারাঙ্গা পাতিরাগে এখন শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গনের এক নতুন অনুপ্রেরণার নাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

