মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের অবদান স্মরণ করেন। একই সঙ্গে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাও পোস্ট দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে। বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামও ভাষার জন্য জীবন দানকারীদের স্মরণ করেছেন।
ফেসবুক পোস্টে জাতীয় দলের ব্যাটার সৌম্য সরকার লেখেন, ‘রক্তে লেখা যে ইতিহাস, তা কখনো মুছে যায় না। একুশ আমাদের আত্মমর্যাদা, আমাদের অস্তিত্ব। মাতৃভাষার অধিকার আদায়ের সেই ত্যাগ আজও আমাদের শক্তি দেয়, সাহস দেয়।’ অলরাউন্ডার সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একই ভাষায় লিখেছেন, ‘সব ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল লেখেন, ‘ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।’ পেসার তাসকিন আহমেদ লেখেন, ‘২১ মানে প্রতিবাদ। ২১ মানে আত্মমর্যাদার ঘোষণা। ২১ মানে পৃথিবীর বুকে প্রথম ভাষার জন্য আত্মদান। বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়।’ এছাড়া শরিফুল ইসলাম ও রুবেল হোসেনসহ অনেক ক্রিকেটার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সারা বিশ্বেই পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের এই দিনে সালাম, বরকত, রফিক, শফিউর ও জব্বারসহ নাম না জানা অনেকে প্রাণ দেন। ক্রীড়াঙ্গনের বাইরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও দিবসটি উপলক্ষে বিশেষ পোস্ট দিয়েছে। তাদের বিশ্বকাপভিত্তিক ফেসবুক পেজে কানাডিয়ান প্রবাসী বাংলাদেশি ফুটবলার সামিত সোমের ছবি দিয়ে ক্যাপশন দেওয়া হয়—‘ভিন্ন ভাষায় একই আবেগ।’ ছবিতে বাংলা ভাষায় লেখা ছিল, ‘ফুটবলই আমাদের ভাষা।’
নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাষা শহীদদের স্মরণ করে লেখেন, ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে সব ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। যাদের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মাতৃভাষার অধিকার, তাদের স্মৃতি চিরদিন বাঙালির হৃদয়ে অম্লান হয়ে থাকবে। শহীদদের রক্তে রাঙানো একুশ আমাদের গৌরব, আমাদের পরিচয়।’
নিজেদের অফিসিয়াল পেজে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক বার্তায় তারা লিখেছে, ‘তারুণ্যের নব চেতনায় একুশ রবে সবার অনুপ্রেরণায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

