আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ক্লান্তি দূরে ঠেলে সিডনিতে অনুশীলনে বাংলাদেশ নারী দল

স্পোর্টস রিপোর্টার

ক্লান্তি দূরে ঠেলে সিডনিতে অনুশীলনে বাংলাদেশ নারী দল

নতুন ইতিহাস লিখতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো খেলতে যাচ্ছে তারা এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে। সামনে বড় এই মিশন। কিন্তু নারী ফুটবলারদের প্রস্তুতি ঘাটতিটা রয়েই গেছে। অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ার আগেই কোচ পিটার বাটলার জানিয়েছিলেন সেটা। হাতে সময় একদম কম। তাই হয়তো প্রস্তুতির ঘাটতিটা পুষিয়ে নিতে অস্ট্রেলিয়া পৌঁছেই অনুশীলনে নামতে দেরি করলেন না বাটলার ও তার শিষ্যরা।

বিজ্ঞাপন

দীর্ঘ বিমান ভ্রমণের ধকলকে পাত্তাই দেননি ফুটবলাররা ও কোচরা। বিশ্রাম নেওয়ার সুযোগ থাকলেও নিয়েছেন খুব সামান্যই। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে পৌঁছে বিশ্রাম নিয়েছেন মাত্র সাত ঘণ্টা। ছোট্ট সেই বিশ্রাম শেষেই বাটলার নারী খেলোয়াড়দের নিয়ে মাঠে সেরে নিয়েছেন অনুশীলন। সিডনির সকালের রোদে নিজেদের প্রস্তুতি সেরে নেন আফঈদা-ঋতুপর্ণারা। প্র্যাকটিস সেশনে নিজেদের ঝালাই করে নিতে মাঠে নামেন আজ স্থানীয় সময় সকাল ৮টায়। সকালে ফুটবলাররা ব্যস্ত ছিলেন মাঠের অনুশীলনে। পরে বিকালে সময় কাটিয়েছেন জিম সেশনে।

গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় ফুটবলারদের শারীরিক ও মানসিক দৃঢ়তা নিয়ে বলেন, ‘দীর্ঘ ভ্রমণের ক্লান্তি খেলোয়াড়দের মধ্যে থাকলেও ইনজুরি নিয়ে কোনো শঙ্কা নেই। সবাই পুরো ফিট আছে। আমরা এখন মূলত এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কাজ করছি। প্রথম দিনের ট্রেনিং সেশনটা বেশ ফলপ্রসূ হয়েছে।’

ঢাকার আবহাওয়ার সঙ্গে এখন সিডনির আবহাওয়ার বেশ মিল। ঢাকায় তাপমাত্রা এখন ৩০ ডিগ্রির কাছাকাছি। আর সিডনিতে তাপমাত্রা ২৩ ডিগ্রির মতো। সকাল ও দুপুরে তাপমাত্রা বেশি থাকে সেখানে। এই আবহাওয়ায় বাংলাদেশের মেয়েরা সহজেই মানিয়ে নিতে পারবেন বলে মনে করছেন এ কোচিং স্টাফ। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের সুযোগ-সুবিধা নিয়ে বেশ খুশি এ গোলরক্ষক কোচ, ‘একটি পরিপূর্ণ পেশাদার ফুটবল দলের জন্য যা যা সুযোগ-সুবিধা দরকার, তার সবই এখানে রয়েছে। কোচ পিটার বাটলারের নির্দেশনা অনুযায়ী খেলোয়াড়রা নিজেদের মানিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করছে।’

এএফসি নারী এশিয়ান কাপের মূল লড়াইয়ে নামার আগে একটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেটা নিজেদের পরখ করে ও কৌশল ঝালিয়ে নিতে। আগামী ২৫ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন স্পোর্টস ক্লাবে দেশের মেয়েদের প্রতিপক্ষ সিডনির স্থানীয় একটি ক্লাব। বাংলাদেশ নারী দল ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক ছাড়বে আগামী ২৭ ফেব্রুয়ারি। এএফসির নির্ধারিত অফিশিয়াল টিম হোটেলে ঘাঁটি গাড়বে দেশের কন্যারা।

অস্ট্রেলিয়ার তিন শহরের পাঁচ ভেন্যুতে ১ মার্চ থেকে শুরু হচ্ছে নারী এশিয়ান কাপ। শেষ হবে ২১ মার্চ। এই টুর্নামেন্টে অংশ নিতে শুক্রবার রাত সাড়ে ১২টায় (অস্ট্রেলিয়ান সময়) সিডনিতে পা রেখেছেন বাংলাদেশ নারী ফুটবাররা।

অস্ট্রেলিয়ার মাটিতে এই টুর্নামেন্টে বাংলাদেশ উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে খেলবে। ৩ মার্চ সিডনিতে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। পরে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ মার্চ একই ভেন্যুতে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। আর ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে নামবে পার্থ স্টেডিয়ামে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন