ইতিহাদ স্টেডিয়ামের আকাশে সেদিন রোদের ঝলক ছিল; কিন্তু বাতাসজুড়ে ছিল এক অদ্ভুত বিষণ্ণতা। কারণ, এটি কেবল একটি ম্যাচের দিন ছিল না, ছিল একটি অধ্যায়ের সমাপ্তির দিন। ম্যানচেস্টার সিটির ডাগআউটে শেষবারের মতো দাঁড়িয়েছিলেন পেপ গার্দিওলা। সে মানুষটি, যিনি শুধু ট্রফি জেতাননি, বদলে দিয়েছিলেন ক্লাবের আত্মা, ফুটবলের ভাষা, সিটির পরিচয়।
অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হার! ফলাফল যেন কোথাও গৌণ হয়ে গিয়েছিল। ইতিহাদের প্রতিটি দেয়াল, প্রতিটি আসন, প্রতিটি কণ্ঠ তখন ব্যস্ত ছিল এক মানুষকে বিদায় জানানোর আয়োজনে। শেষ বাঁশি বাজার পরও কেউ গ্যালারি ছাড়েননি। ‘উইভ গট গার্দিওলা’ ধ্বনিতে কেঁপে উঠছিল ইতিহাদ। খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্লাবকর্মী—সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তৈরি করেছিলেন ‘গার্ড অব অনার’। যেন একজন কোচ নয়, বিদায় জানানো হচ্ছে ইতিহাসের এক স্থপতিকে।
চোখে পানি আর কণ্ঠে কাঁপন নিয়ে গার্দিওলা বললেন, ‘আমি এখন খুব নার্ভাস। তোমরা আমাকে এত ভালোবাস কেন? এমনটা কেন করছ? আমি কখনো কল্পনা করিনি এত ভালোবাসা পাব। ১০ বছর তোমাদের কোচ হতে পারা ছিল অসাধারণ সম্মানের।’ সে মুহূর্তে হয়তো ফুটবলও কিছু সময়ের জন্য থেমে গিয়েছিল।
ইতিহাদজুড়ে ছড়িয়ে ছিল শ্রদ্ধার রঙ। বিশাল ব্যানারে লেখা—‘দ্য ম্যান হু চেঞ্জড দ্য গেম’ এবং ‘মেকার অব হিস্ট্রি’। গ্যালারিতে উড়ছিল কাতালান পতাকা। সমর্থকদের হাতে বিশেষ স্কার্ফ, যেখানে লেখা বিদায় আর কৃতজ্ঞতার ভাষা। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘১০ বছর আগে তুমি এলে, আমাদের খেলা বদলে দিলে, এখন তুমি চলে যাচ্ছ; সব আর আগের মতো থাকবে না।’
২০১৬ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া। এরপর ৫৯৩ ম্যাচে কোচ হিসেবে এনে দিয়েছেন ২০ শিরোপা। ছয়টি প্রিমিয়ার লিগ, যার মধ্যে টানা চার শিরোপা জয়ের অভূতপূর্ব ইতিহাসও আছে। আছে চ্যাম্পিয়নস লিগ জয়ের গৌরব। ২০২৩ সালে জিতিয়েছেন ঐতিহাসিক ট্রেবল—প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপ।
বিদায়ের রাতে বড়পর্দায় যখন দেখানো হচ্ছিল তার সেরা মুহূর্তগুলোর ভিডিও, তখন গার্দিওলা আবেগ চেপে রাখতে পারেননি। তিনি বললেন, ‘ভবিষ্যতে পৃথিবীর যেখানেই আমাকে দেখবে, যদি সিটির সমর্থক হও, এসে আমাকে জড়িয়ে ধরবে। আমার তা প্রয়োজন হবে।’
এক দশক, অসংখ্য ট্রফি, ফুটবলের নতুন দর্শন, অবিশ্বাস্য সাফল্য আর অগণিত স্মৃতি—সব মিলিয়ে পেপ গার্দিওলার বিদায় কেবল একজন কোচের বিদায় নয়। এটি ম্যানচেস্টার সিটির সোনালি অধ্যায়ের শেষ সূর্যাস্ত। তবে কিছু সূর্য অস্ত গেলেও আলো রেখে যায়। গার্দিওলার আলোও ঠিক তেমনই, যা বহু বছর ধরে ফুটবলের আকাশে জ্বলতে থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

