অ্যাথলেটিকস ট্র্যাক মানেই যেন ছিল জ্যামাইকানদের আধিপত্য। কিন্তু গ্লাসগো কমনওয়েলথ গেমসে সেই চিরচেনা চিত্র এবার পাল্টে গেল। এবার ১০০ মিটার স্প্রিন্টে জ্যামাইকার রাজত্ব গুঁড়িয়ে স্বর্ণপদক জিতে নিয়েছেন ক্যামেরুনের এমানুয়েল এসেমে ও নিউজিল্যান্ডের জোয়ে হবস।
স্কটস্টাউন স্টেডিয়ামে পুরুষদের ১০০ মিটার ফাইনালে ২৯ বছর বয়সি এসেমে ৯.৮৩ সেকেন্ড সময় নিয়ে কমনওয়েলথ গেমসে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছেন। শেষ মুহূর্তে গতি বাড়িয়ে পেছনে ফেলেন রৌপ্যজয়ী অস্ট্রেলিয়ার লাচলান কেনেডি (৯.৮৫ সেকেন্ড) এবং ব্রোঞ্জজয়ী ইংল্যান্ডের জেরেমায়া আজুকে (৯.৯০ সেকেন্ড)। বার্মিংহাম ২০২২ গেমসে ব্রোঞ্জজয়ী এসেমে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার দেশকে এনে দিলেন স্বপ্নের স্বর্ণপদক।
অন্যদিকে নারীদের ফাইনালে নিউজিল্যান্ডের জোয়ে হবস ১০.৯৩ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতে ইতিহাস গড়েছেন। অলিম্পিক চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেডকে রৌপ্য ও ইংল্যান্ডের ড্যারিল নীতাকে ব্রোঞ্জে সন্তুষ্ট থাকতে হয়।
এবারের গেমসের সবচেয়ে বড় চমক ছিল পুরুষ ও নারী উভয় বিভাগের ১০০ মিটারের পদকমঞ্চে কোনো জ্যামাইকান স্প্রিন্টারের না থাকা। তবে ১১০ মিটার হার্ডলসে ডিমারিও প্রিন্স এবং হাইজাম্পে রোমেইন বেকফোর্ড স্বর্ণ জিতে জ্যামাইকার মান রক্ষা করেন।
গ্লাসগোর ট্র্যাক প্রমাণ করল বিশ্ব স্প্রিন্টের মঞ্চে এখন পরিবর্তনের হাওয়া বইছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

