প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রস্তুতিটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাত গিয়ে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে লিটন কুমার দাসের দল। যেটা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে বড় ধাক্কা তাদের জন্য। সে ক্ষত না শুকাতেই মাঠে নামছে ফিল সিমন্সের শিষ্যরা।

বুধবার (২৮ মে) রাত ৯টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আসন্ন সিরিজটা বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর মঞ্চ। এমন সমীকরণে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সফরকারীদের একাদশে কেমন হবে সেটা নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই।

বিজ্ঞাপন

আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারলেও ওপেনিংয়ে রান পেয়েছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। তাই পাকিস্তানের বিপক্ষেও যে এই দুজন বাংলাদেশের ইনিংসের গোড়াপত্তন করবেন সেটা বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবেই তিনে নামবেন অধিনায়ক লিটন। চার থেকে ছয়- এই তিনটি পজিশনে তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক ও শামিম হোসেন পাটোয়ারির থাকা একরকম নিশ্চিত। সাত নম্বরে কে থাকবেন সেটা নিশ্চিত করে বলার উপায় নেই। এই জায়গাটিতে মেহেদি হাসান মিরাজ ও শেখ মাহেদি- দুজনের মধ্যে যেকোনো একজনকে বেঁছে নেবেন অধিনায়ক ও কোচ। দলের একমাত্র লেগস্পিনার হিসেবে একাদশে রিশাদ হোসেনের থাকার সম্ভাবনা অনেক বেশি। ইনজুরির কারণে স্কোয়াডে নেই তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। অন্যদিকে এই সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন নাহিদ রানা। তাই পেস অ্যাটাকে শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিবের পাশাপাশি হাসান মাহমুদের ওপর ভরসা রাখবে বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টিতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ/শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন