এশিয়ান গেমস সামনে রেখে দুই মাসের জন্য অভিজ্ঞ জার্মান কোচ পিটার গেরহার্ডকে নিয়োগ দিয়েছে হকি ফেডারেশন। আজ দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন এই কোচ। এর আগেও বাংলাদেশ হকি দল নিয়ে সুনামের সঙ্গে কাজ করেছিলেন গেরহার্ড। সফলও হয়েছেন তিনি। এবার দায়িত্ব নেওয়ার পর তার চোখে বড় স্বপ্ন। গেরহার্ড বলেন, ‘বাংলাদেশের খেলোয়াড়রা আমার কাছে পরিচিত। আমি জানি, তাদের কিভাবে ব্যবহার করতে হবে। আশা করি এশিয়ান গেমসে আমরা প্রত্যাশানুযায়ীই খেলতে পারব।’
জার্মান কোচ গেরহার্ডের মতে, গত টুর্নামেন্টগুলোতে যে সাফল্য পেয়েছে বাংলাদেশ, এর চেয়ে অনেক বেশি ভালো দল তারা। তিনি বলেন, ‘আমাদের এই পরিস্থিতিকে আরো উন্নত করতে হবে এবং আমরা সেটা নিয়েই কাজ করব। আগামী সপ্তাহগুলোতে খেলোয়াড়দের অনেক কঠিন সময় পার করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে; তবে শেষে তারা এর ভালো ফল ভোগ করতে পারবে।’ বাংলাদেশ হকির সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে এবং হকি ফেডারেশনের কর্মকর্তাদের প্রতি শুভকামনা জানিয়ে গেরহার্ড বলেন, ‘আমি প্রিন্সকে (আরিফুল হক প্রিন্স) অনেক লম্বা সময় ধরে চিনি, আর ইশতিয়াক (নতুন সাধারণ সম্পাদক) হলো সাদেকের ছেলে। আমি আশা করি, এই দুজন খুব ভালো মানুষ এবং দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবেন।’
আজ শনিবার থেকে পুরোদমে জিমি-আশরাফুলদের নিয়ে কাজে নেমে পড়বেন কোচ গেরহার্ড। এশিয়ান গেমেসের জন্য সেরা গঠন করাই তার লক্ষ্য। এশিয়ান গেমসের আগে জার্মানিতে এক মাসের প্রস্তুতি ক্যাম্প গড়বে বাংলাদেশ। এই কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি দেশটির শীর্ষ লিগের কয়েকটি ক্লাবের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

