ব্যাটারদের ব্যর্থতার দিনে ৮ উইকেট হারাল বাংলাদেশ, রান ২২০

১৮: ৪৪, জুন ২৫

ব্যাটারদের ব্যর্থতাময় দিন

ব্যাটারদের ব্যর্থতাময় দিন

বাংলাদেশ প্রথম ইনিংস- ২২০/৮ (৭১ ওভার)

দিনের শেষদিকে নাঈম হাসান ও তাইজুল ইসলাম মিলে ১৭ রানের জুটি গড়েন। মনে হচ্ছিল, এই জুটিতে হয়তো দিন পার করে দিবে বাংলাদেশ। না, লাল-সবুজের প্রতিনিধিরা তা পারেননি। নাঈম হাসান ফিরলে হারায় ৮ম উইকেট। তাতে ২২০ রানে তুলে দিনশেষ করেছে বাংলাদেশ। তৃতীয় সেশনে ২২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৬ রান তুলতে পেরেছে বাংলাদেশ। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২২০ রান। তাতে স্পষ্ট কতটা ব্যর্থ একটা দিন পার করেছে নাজমুল হোসেন শান্ত-মেহেদি হাসান মিরাজরা।

শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো ও সোনাল দিনুশা নেন দুইটি করে উইকেট।

১৮: ৩৪, জুন ২৫

নাঈম হাসান ফিরলেন, অলআউট হওয়ার অপেক্ষা

নাঈম হাসান ফিরলেন, অলআউট হওয়ার অপেক্ষা

বাংলাদেশ প্রথম ইনিংস- ২১৪/৮ (৭০ ওভার)

আসিথা ফার্নান্দোর দারুণ এক ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন নাঈম হাসান। ফেরার আগে তার ব্যাটে এসেছে ২৫ রান। পারফেক্ট লেন্থ আর যথেষ্ট মুভমেন্ট থাকা বলটা নাঈমের জন্য ঠেকানো বেশ কঠিনই ছিল।

১৮: ০৬, জুন ২৫

মিরাজও আউট

মিরাজও আউট

বাংলাদেশ প্রথম ইনিংস-১৯৯/৭ (৬৪ ওভার)

এবার স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন মেহেদি হাসান মিরাজ। বিশ্ব ফার্নান্দোর বলে কামিন্দু মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে তার ব্যাটে আসে ৩১ রান।

১৭: ১৭, জুন ২৫

অভিজ্ঞ মুশফিকও আউট

অভিজ্ঞ মুশফিকও আউট

বাংলাদেশ প্রথম ইনিংস- ১৬০/৬ (৫৪ ওভার)

সুইপ করে বড় শট করতে গিয়ে আগে একবার জীবন পেয়েছিলেন মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত সেই সুইপ করতে গিয়েই আউট হয়েছেন তিনি। ফেরার আগে তার ব্যাটে এসেছে ৩৫ রান। অভিষিক্ত সোলান দিনুশার বলে সুইপ করেন মুশফিক। ডিপ স্কয়ার লেগে সেই ক্যাচ তালুবন্দি করতে ভুল করেননি বিশ্ব ফার্নান্দো। তাতে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে মুশফিককে।

১৬: ৩৫, জুন ২৫

দ্বিতীয় সেশনেও লঙ্কার দাপট

দ্বিতীয় সেশনেও লঙ্কার দাপট

বাংলাদেশ প্রথম ইনিংস- ১৪৪/৫ (৪৯ ওভার)

বৃষ্টির কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল খেলা। তবুও মাঠে গড়িয়েছে ২৩ ওভার। দ্বিতীয় সেশনে বৃষ্টির বাধা থাকলেও বদলায়নি বাংলাদেশের ভাগ্য। হারিয়েছে তিন উইকেট। এ সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৭৩ রান। দ্বিতীয় সেশন শেষে অপরাজিত আছেন মুশফিকুর রহিম (৩৪) ও মেহেদি হাসান মিরাজ (০)।

১৬: ২৮, জুন ২৫

লিটন আউট

লিটন আউট

অভিষিক্ত সোলান দিনুশার করা বলে কাট করার কোনো দরকারই ছিল না লিটন দাসের। তবুও কাট করতে যাওয়ায় বল ব্যাটে স্পর্শ করে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে জমা হয়। তাতে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন। ফেরার আগে তার ব্যাটে আসে ৩৪ রান। এর আগে প্রবাথ জয়াসুরিয়ার বলে ক্যাচ তুলে বাঁচেন লিটন।

১৫: ৪২, জুন ২৫

অবশেষে ১০০

অবশেষে ১০০

বাংলাদেশ প্রথম ইনিংস- ১১৪/৪ (৩৭ ওভার)

দিনের শুরু থেকেই বেশ ধীরগতিতে এগোচ্ছি বাংলাদেশের ইনিংস। এর মধ্যে আবার নিয়মিত বিরতিতে হারাচ্ছিল উইকেট। তাতে দলীয় ১০০ রানের আগে চার উইকেট হারায় বাংলাদেশ। বৃষ্টি বাধার পর বাংলাদেশের দলীয় সংগ্রহ ১০০ পেরিয়েছে।

১৫: ২৬, জুন ২৫

শুরু হয়েছে খেলা

দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ফের খেলা মাঠে গড়িয়েছে। বাংলাদেশ সময় সাড়ে ৪ টায় শুরু হবে চা বিরতি। এরপর বাংলাদেশ সময় সাড়ে ৬ টায় দিনের খেলা শেষ হওয়ার কথা রয়েছে। দিনের খেলা শেষ হওয়ার ব্যাপারটি পুরোপুরি নির্ভর করছে দিনের আলোর উপর।

১৩: ৫১, জুন ২৫

কলম্বো টেস্টে বৃষ্টির হানা

কলম্বো টেস্টে বৃষ্টির হানা

বাংলাদেশ প্রথম ইনিংস- ৯০/৪ (৩৩.২ ওভার)

দ্বিতীয় সেশনে ৪৪ বল খেলা হওয়ার পর নেমে এসেছে বৃষ্টি। ফলে খেলা আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় মুশফিকুর রহিম ৭ ও লিটন দাস ৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় সেশনের শুরুতে বাংলাদেশকে চ্যালেঞ্জ উপহার দেন বিশ্ব ফার্নান্দো ও থারিন্দু রত্নানায়েকে। দুইজনে একটি করে উইকেট শিকার করেন। তাতেই মূলত দ্বিতীয় সেশনে বিপদে পড়েছে বাংলাদেশ।

১৩: ৩০, জুন ২৫

শান্তর পর সাদমানও ড্রেসিংরুমে

শান্তর পর সাদমানও ড্রেসিংরুমে

বাংলাদেশ প্রথম ইনিংস- ৭৬/৪ (২৯ ওভার)

এক ওভারের ব্যবধানে প্যাভিলিয়নে ফিরলেন সাদমান ইসলাম। থারিন্দু রত্নানায়েকের বলে স্লিপে ক্যাচ তুলে ফেরেন। ফেরার আগে তার ব্যাটে আসে ৪৬ রান। লাঞ্চের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে বিপদে ফেলেছে লঙ্কানরা।

১৩: ২৫, জুন ২৫

শান্ত আউট

শান্ত আউট

বাংলাদেশ প্রথম ইনিংস- ৭৪/৩ (২৮ ওভার)

বিশ্ব ফার্নান্দোর করা থার্ড স্ট্যাম্প চ্যানেলের একটু বাইরে করা বলটা অযথাই খোঁচা দেন নাজমুল হোসেন শান্ত। তাতে উইকেটের পেছনে ক্যাচ তুলে আউট হয়েছেন তিনি। ফেরার আগে ৩০ বলে ৮ রান করেছেন শান্ত। তার বিদায়ে বাংলাদেশ হারাল তৃতীয় উইকেট।

১২: ৩৭, জুন ২৫

প্রথম সেশনে বাংলাদেশ ৭১/২

প্রথম সেশনে বাংলাদেশ ৭১/২

বাংলাদেশ প্রথম ইনিংস- ৭১/২ (২৬ ওভার)

কলম্বো টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ছিল দুই দলের সমানে সমান লড়াই। এনামুল হক বিজয় ও মমিনুল হকের বিদায়ের পর খানিকটা বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন ওপেনার সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুইজন মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ২৮ রান। এর আগে মমিনুলকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে সাদমান যোগ করেন ৩৮ রান। মমিনুল হক ২১ রানে ফেরেন প্যাভিলিয়নে।

প্রথম সেশন শেষে সাদমান ৪৩ ও শান্ত ৭ রানে অপরাজিত আছেন।

১১: ৫৭, জুন ২৫

মমিনুল ফিরলেন প্যাভিলিয়নে

মমিনুল ফিরলেন প্যাভিলিয়নে

বাংলাদেশ প্রথম ইনিংস- ৪৫/২ (১৭ ওভার)

তিন ইনিংসেই মমিনুল হকের আউটের ধরনে আছে দারুণ মিল। তিন ইনিংসেই আউটসাইড অফ স্ট্যাম্পের বাইরের বলে আউট হয়েছেন। আজ লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার বলে কাভারে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দেন মমিনুল। ফেরার আগে তার ব্যাটে আসে ৩৯ বলে ২১ রান।

সফট ডিসমিসাল! বলটা মোটেই উইকেট টেকিং ডেলিভারি ছিল না। বাজে শট খেলে সহজ কাজ তুলে দিয়ে আউট হলেন মমিনুল হক। দেখে মনে হচ্ছিল বলটা দুবার উইকেটে ড্রপ খেতে পারে। এমন বলে মমিনুল ব্যাকফুটে গিয়ে ড্রাইভ খোলার চেষ্টা করেন। শর্টকাভারে সহজ ক্যাচ উঠে। সম্ভাবনাময় একটা ইনিংসের করুণ পরিণতি!

১১: ৩১, জুন ২৫

বিজয়ের শূন্য সমাচার!

বিজয়ের শূন্য সমাচার!

দ্বিতীয় ইনিংসে নাটকীয় কিছু না করতে পারলে সম্ভবত এটাই ক্যারিয়ারের শেষ টেস্ট বিজয়ের। পেছনের ১৪ ইনিংসে ৩ ডাক! ১৪ ইনিংসে রান এমন- ১৩,১,৩,১৮,৭,২২,৯,০,২৩,৪,৩৯,০,৪,০।

১১: ২৭, জুন ২৫

১১ ওভারে বাংলাদেশের ১৯

১১ ওভারে বাংলাদেশের ১৯

বাংলাদেশ প্রথম ইনিংস- ১৯/১ (১১ ওভার)

৫ম ওভারের দ্বিতীয় বলে আউট হন এনামুল হক বিজয়। ফেরার আগে তার ব্যাটে ছিল না কোন রান। তার বিদায়ের পর শম্বুক গতিতে এগোচ্ছে বাংলাদেশের ইনিংস। ক্রিজে থাকা সাদমান ইসলাম ৩১ বলে ৮ ও মমিনুল ২৬ বলে করেছেন ১১ রান।

১০: ৫৮, জুন ২৫

দুইবার জীবন পাওয়া বিজয় ফিরলেন বোল্ড হয়ে

দুইবার জীবন পাওয়া বিজয় ফিরলেন বোল্ড হয়ে

আগের ওভারেই পর পর দুই দুইবার জীবন পেয়েছিলেন এনামুল হক বিজয়। দুইবারই উইকেটের পেছনে তার ক্যাচ মিস করেছিল শ্রীলঙ্কা। দুইবার জীবন পাওয়া বিজয় নিজের ইনিংসের কোন রানই যোগ করতে পারেননি। ১০ বল খেলে কোন রান করার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন। যেই আসিথা ফার্নান্দোর বলে দুই দুইবার জীবন পেয়েছেন সেই আসিথার করা শর্ট লেন্থের বলে বোল্ড হন।

বল বিজয়ের ব্যাটে লেগে স্ট্যাম্পে আঘাত হাতে। এই নিয়ে সবশেষ তিন ইনিংসের মধ্যে দুইবারই ডাকের শিকার হলেন বিজয়।

১০: ৪৪, জুন ২৫

জীবন পেলেন বিজয়

জীবন পেলেন বিজয়

গলে আসিথা ফার্নান্দোর বলে আউট হয়েছিলেন অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে। কলম্বোতেও এর ব্যতিক্রম নয়। টানা দুই বলে স্লিপে ক্যাচ তুলে জীবন পেলেন এনামুল হক বিজয়।

ঘরোয়ার ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া বিজয় জাতীয় দলে সুযোগ পাওয়ার পর এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি। একের পর এক ম্যাচে সুযোগ পাচ্ছেন ঠিকই, কিন্তু রান করতে পারছেন না। প্রতি ম্যাচেই নড়বড়ে ব্যাটিংয়ের প্রদর্শনী দেখাচ্ছেন বিজয়।

১০: ২০, জুন ২৫

একাদশে ফিরলেন মিরাজ-ইবাদত

একাদশে ফিরলেন মিরাজ-ইবাদত

গল টেস্টের একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। জাকের আলী অনিক ও হাসান মাহমুদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মেহেদি হাসান মিরাজ ও ইবাদত হোসেন। কলম্বোতে মিরাজের ফেরাটা অবশ্যম্ভাবী ছিল। কিন্তু ইবাদত ফিরবেন কি না তা নিয়ে ছিল শঙ্কা। ইনজুরি কাটিয়ে প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন ইবাদত। সবশেষ ২০২৩ সালের জুলাইয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি।

বাংলাদেশ একাদশ- সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা, ইবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ- পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দীনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, সোনাল দিনুশা, থারিন্দু রত্নানায়েকে, প্রবাথ জয়াসুরিয়া, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো।

১০: ০৬, জুন ২৫

শান্তর টস জয়

গল টেস্টের পর কলম্বোতেও টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।