বিওএ’র নির্বাচন নভেম্বরে

বিওএ’র নির্বাচন নভেম্বরে

আগামী নভেম্বরে হবে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) নির্বাচন। গতকাল বিওএ’র সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়েছিল। এবার ৪ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটিতে নতুন নেতৃত্ব আসবে। নির্বাচনের আগে বিওএ’র গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কেননা বর্তমান গঠনতন্ত্রটি দুই যুগ আগের। কার্যনির্বাহী কমিটির সবার মতামতের ভিত্তিতে গঠনতন্ত্রের একটি খসড়া প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। আগামী বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্র চূড়ান্ত হবে।

নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ‘বিওএ এ্যাথলেট কমিশন’ থেকে একজন সদস্য অন্তর্ভূক্তকরণের বিষয়টি অনুমোদিত হয়েছে। মূলত ২০২৩-২৪ অর্থ বছরের সাধারণ সভা করেছে বিওএ। এ প্রসঙ্গে বিওএ সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘সভাটি আয়োজনে বিভিন্ন কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। তবে এ বছরে আমরা ২০২৪-২৫ অর্থ বছরের জন্য খুব শীঘ্রই আরেকটি সাধারণ সভা আয়োজন করবো।’

বিজ্ঞাপন

২০২৩-২৪ অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদনটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ১২ কোটি ৪০ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে ঘটনাত্তোর অনুমোদিত হয়। এছাড়া বিওএ অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে। ময়মনসিংহের ত্রিশালের কমপ্লেক্স বিওএ সভাপতি বলেন, ‘বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেনাবাহিনীর নিয়ন্ত্রনাধীন প্রায় ১৭৩ একর জায়গা এই প্রকল্প বাস্তবায়নের জন্য চিহ্নিত করা হয়েছে।’

মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় সকল নিহত ছাত্র-ছাত্রীসহ গত আগস্ট-২০২৩ হতে জুন-২০২৪ পর্যন্ত যে সকল ক্রীড়াব্যক্তিত্ব পরলোকগমণ করেছেন, তাদের স্মরণে ও সম্মানে সভায় এক মিনিট নিরবতা পালন করা হয়। গতকাল কুর্মিটোলা গফল ক্লাবে অনুষ্ঠিত হওয়া বিওএ সাধারণ সভায় ৮৯ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন