টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং

একধাপ পিছিয়ে গেল বাংলাদেশ

একধাপ পিছিয়ে গেল বাংলাদেশ

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৯ থেকে দশে নেমে গেছে নিগার সুলতানা জ্যোতিরা। বাংলাদেশের জায়গা দখলে নিয়েছে আয়ারল্যান্ড- অর্থ্যাৎ নয়ে উঠে এসেছে আইরিশরা।

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন হবে সেটা একরকম নিশ্চিতই ছিল। এই সংস্করণে খেলা সবশেষ টানা ৯ ম্যাচে হেরেছে সারোয়ার ইমরানের শিষ্যরা। তার প্রভাব পড়েছে আইসিসির হালনাগাদকৃত সবশেষ র‌্যাঙ্কিংয়ে।

বিজ্ঞাপন

সবশেষ গত ডিসেম্বরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সেই সিরিজে জ্যোতিদের বিপক্ষে সবকটি ম্যাচ জেতায় একধাপ উন্নতি হয়েছে ইউরোপের দলটির।

দশে নেমে যাওয়া বাংলাদেশের রেটিং পয়েন্ট ১৯২। বাংলাদেশের অবনতি হলেও সেরা আটে কোনো পরিবর্তন হয়নি। যথারীতি শীর্ষে আছে অস্ট্রেলিয়া। পরের স্থানগুলোতে আছে যথাক্রমে ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান। এশিয়ান দলগুলোর মধ্যে উন্নতি করেছে থাইল্যান্ড। দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছে তারা। সেরা ১৫’র বাকি দলগুলো হলো স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন